নয়াদিল্লি: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ও পালটা শুল্ক হ্রাসের অন্যতম শর্ত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে ভারতকে। একাধিকবার সেকথা স্পষ্ট করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, শর্ত মেনে নয়াদিল্লি আদৌ মস্কোর থেকে জ্বালানি কেনা বন্ধ করছে কি না, তাতে ‘নজরদারিও’ চালাতে তৎপর ওয়াশিংটন। কিন্তু, কীভাবে? আপাতত তা নিয়েই চিন্তাভাবনা চলছে।
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর এব্যাপারে মার্কিন আইনপ্রণেতাদের সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, কীভাবে এই প্রক্রিয়া চলবে, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু, ভারত ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনা কমিয়েছে। ধীরে ধীরে পুরোটাই বন্ধ করে দেবে। সেই জায়গায় আমেরিকা থেকে তেল ক্রয় বাড়াবে তারা। কাপুর স্পষ্ট জানিয়েছেন, ভারতের জ্বালানির উৎসের গতিবিধি ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু করেছে ওয়াশিংটন।
এদিকে, ট্রাম্পের একটি পুরানো ভিডিয়ো নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। তাতে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক কেরিয়ার শেষ করতে চান না। এপ্রসঙ্গে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ট্রাম্পের ওই মন্তব্যটি গত বছর ১৫ অক্টোবরের। সেখানে ভারতের রুশ তেল ক্রয় প্রসঙ্গে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানে ট্রাম্প বলেন, ‘মোদি একজন মহান মানুষ। তিনি ট্রাম্পকে ভালোবাসেন। কিন্তু, এই ভালোবাসাকে যেন অন্যভাবে দেখা না হয়। আমি তাঁর রাজনৈতিক কেরিয়ার শেষ করতে চাই না।’