নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুরে সাগরদ্বীপে আসেন সেচদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা। দপ্তরের একাধিক উচ্চপদস্থ অফিসার, স্থানীয় প্রশাসনিক কর্তা এবং গঙ্গাসাগর কোস্টাল থানার ওসিকে নিয়ে কপিল মুনির আশ্রম সংলগ্ন সমুদ্র সৈকত ঘুরে দেখেন ওই আমলা। বিশেষ করে ১ নম্বর বিচ থেকে শুরু করে নতুন যে ৭ নম্বর সৈকত প্রস্তুত করা হচ্ছে, সেই গোটা এলাকাটি তিনি হেঁটে ঘোরেন। যে কাজ হচ্ছে, তার মান কেমন, সেটাও যাচাই করেন ওই আমলা। প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসের কারণে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতের যে অংশগুলি ভাঙন কবলিত হয়ে পড়েছিল, সেগুলির মেরামতির কাজ কতদূর এগিয়েছে, তা নিয়ে অফিসারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। পরিদর্শন শেষে সেচদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি জানান, ভাঙন কবলিত সি-বিচ মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। নির্ধারিত সময়ের আগেই তা সম্পূর্ণ করে ফেলা হবে। এদিকে, প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গঙ্গাসাগরে এসে প্রস্তুতির কাজ সরেজমিনে খতিয়ে দেখতে পারেন। তাঁর সফরের আগেই মূল পরিকাঠামোগত কাজগুলির সিংহভাগ শেষ করে ফেলতে তৎপর প্রশাসন।



