নয়াদিল্লি: এসআইআর প্রক্রিয়া চলাকালীন ফর্ম ৭ ব্যবহার করে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুস্তাফাবাদ বিধানসভার এক ভোটার। সম্প্রতি একটি সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়, মুস্তাফাবাদ বিধানসভায় নাম বাদের জন্য গুচ্ছ গুচ্ছ ফর্ম ৭ জমা দিয়েছেন বুথ লেভেল এজেন্টরা (বিএলএ)। অভিযোগের আঙুল বিজেপির বিএলএদের বিরুদ্ধে। যদিও এই এজেন্টরা সেই অভিযোগ অস্বীকার করেছেন। এরপরই বিষয়টি যাচাইয়ের নির্দেশিকা চেয়ে সুপ্রিম কোর্টে যান ওই ব্যক্তি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত বেঞ্চের পর্যবেক্ষণ, রাজনৈতিক দলের পক্ষ থেকে নিযুক্ত বিএলএ-দের ওপর নির্বাচন কমিশনের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই নির্বাচন কমিশনকে মুস্তাফাবাদে ফর্ম ৭ নিয়ে ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিনই এসআইআরে বৈধ ভোটার বাদ দেওয়া নিয়ে ফের সরব হয়েছে কংগ্রেস। দলের মতে, বেশ কয়েকটি রাজ্যে ভোটচুরি হয়েছে। আর তাতে লাভবান হয়েছে বিজেপি। কয়েক বছর আগে নোটবাতিলের সঙ্গে এসআইআরের তুলনা করেছেন কংগ্রেসের যোগাযোগ শাখার প্রধান জয়রাম রমেশ। তিনি বলেন, নোটবন্দি এবং ভোটবন্দি একই মুদ্রার দুই দিক। তাঁর কথায়, ‘মানুষের অধিকার, তাঁদের মতামত ভোটচুরির মাধ্যমে কেড়ে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।’



