Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ধোনির প্রসঙ্গে পুরনো মন্তব্যে সাফাই ইরফানের

২০২০ সালে কোভিড লকডাউনের সময় এক সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনির উদ্দেশে তোপ দেগেছিলেন ইরফান পাঠান

ধোনির প্রসঙ্গে পুরনো মন্তব্যে সাফাই ইরফানের
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

নয়াদিল্লি: পাঁচ বছর আগের পুরনো ভিডিও ক্লিপ নিয়ে হঠাৎই শোরগোল। ২০২০ সালে কোভিড লকডাউনের সময় এক সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনির উদ্দেশে তোপ দেগেছিলেন ইরফান পাঠান। হুঁকো সেজে না দেওয়ার জন্যই জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়, এমন বিস্ফোরক মন্তব্যই করেছিলেন বরোদার অলরাউন্ডার। ইরফান বলেন, ‘কারও রুমে গিয়ে হুঁকো সাজিয়ে দেওয়ার অভ্যাস আমার নেই। অহেতুক গল্প করতেও পারি না। কখনও কখনও এইসব নিয়ে কথা না বলাই শ্রেয়। একজন ক্রিকেটারের কাজ মাঠে পারফর্ম করা। আর আমার ফোকাস তাতেই থাকত।’ 

Advertisement

ইরফানের এই পুরনো ইন্টারভিউ নিয়ে শুরু হয় শোরগোল। বুধবার এই ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন স্বয়ং তিনি। সোশ্যাল মিডিয়ায় ইরফান পোস্ট করেন, ‘অর্ধ দশক আগের একটা ভিডিও নিয়ে হইচই শুরু হয়েছে। তাতে মন্তব্যটাই বিকৃত করা হচ্ছে। সমর্থকদের মধ্যে লড়াই? নাকি পিআর লবি?’ অর্থাৎ, এটাকে উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হয়েছে ইরফানের। একজন কমেন্ট করেন ‘হুঁকো’ কাণ্ড নিয়ে। জবাবে ইরফান হাসির ইমোজি দিয়ে লেখেন, ‘ম্যায় অর ধোনি সাথ বৈঠ কর পিয়েঙ্গে।’ উল্লেখ্য, ভারতীয় দলে হুঁকো খাওয়ার জন্য পরিচিত ধোনি। নাম না করলেও ইরফানের লক্ষ্য যে তিনি, তা পরিষ্কার। ২০১২ সালে শেষবার একদিনের ক্রিকেটে দেখা গিয়েছিল ইরফানকে। সেই ম্যাচে পাঁচ উইকেট নিলেও জাতীয় দলের দরজা আর খোলেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ