Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ব্যাহত আইআরসিটিসি পরিষেবা, টিকিট কাটতে গিয়ে চরম হয়রান যাত্রীরা

আসন্ন দীপাবলি এবং ছটে ঘরে ফেরার ট্রেনের টিকিট কাটতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ রেল যাত্রীদের। উৎসবের মরশুমে শেষ মুহূর্তে ট্রেনের টিকিট কাটার ব্যস্ততা এমনিতেই তুঙ্গে রয়েছে।

ব্যাহত আইআরসিটিসি পরিষেবা, টিকিট কাটতে গিয়ে চরম হয়রান যাত্রীরা
  • ১৯ অক্টোবর, ২০২৫ ১৮:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন দীপাবলি এবং ছটে ঘরে ফেরার ট্রেনের টিকিট কাটতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ রেল যাত্রীদের। উৎসবের মরশুমে শেষ মুহূর্তে ট্রেনের টিকিট কাটার ব্যস্ততা এমনিতেই তুঙ্গে রয়েছে। তারই মধ্যে শুক্রবার দীর্ঘক্ষণ ব্যাহত হল আইআরসিটিসির পরিষেবা। অভিযোগ, শুক্রবার দিনের অধিকাংশ সময়ই আইআরসিটিসির ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে গেলে ‘সাইট ডাউন’ অথবা ‘এরর’ মেসেজ ফুটে উঠেছে মোবাইল এবং কম্পিউটারের পর্দায়। শুধু তাই নয়। বহু ক্ষেত্রেই অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও টিকিট হাতে পাননি রেল যাত্রীদের একটি অংশ। তাদের অভিযোগ, টাকা ‘রিফান্ড’ পেতেও কার্যত নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। 

Advertisement

যদিও এই বিষয় নিয়ে রেলমন্ত্রকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। তবে রেল বোর্ড সূত্রে জানানো হয়েছে, সাময়িকভাবে সমস্যার সৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই তার সুরাহা হয়েছে। স্বাভাবিকভাবেই ই-টিকিট বুকিং করতে পেরেছেন রেল যাত্রীরা। যদি টাকা কেটে নেওয়ার পরেও কেউ টিকিট না পান, তাহলে নিয়মমতো স্বয়ংক্রিয় পদ্ধতিতেই দিনদু’য়েকের মধ্যেই তা ‘রিফান্ড’ হয়ে যাবে। 
পাশাপাশি রেল বোর্ড সূত্রে একপ্রকার সাফাই দিয়ে বলা হয়েছে, যেহেতু এখন টিকিট বুকিংয়ের ‘পিক সিজন’ চলছে, তাই প্রযুক্তিগত সমস্যা তৈরি হচ্ছে। সফটওয়্যার ‘ডাউন’ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। রেল যাত্রীদের প্রশ্ন, ‘পিক সিজনে’ টিকিট কাটার হার বৃদ্ধি পাবেই। এই ছবি নতুন নয়। আশঙ্কা সত্ত্বেও তাহলে কেন আগে থেকে ব্যবস্থা নেয়নি রেলমন্ত্রক? কেনই বা রেল যাত্রীদের জেনেশুনেই হয়রানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে? 

Advertisement
সম্পর্কিত সংবাদ