ওয়াশিংটন: যুদ্ধ শুরুর পর একশো দিন কেটে গিয়েছে। সাময়িক সংঘর্ষ বিরতির মধ্যেও হামলা-পালটা হামলায় উত্তপ্ত পশ্চিম এশিয়া। আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনায় সমঝোতার রাস্তা এখনও খোলেনি। যদিও পরোক্ষভাবে আলোচনার দরজা খুলে রেখেছে দুই পক্ষই। এরইমধ্যে ইরানকে কড়া ভাষায় আক্রমণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানিদের ‘উন্মাদ’ আখ্যা দিয়ে দেশটিকে উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
তেহরানের সঙ্গে আলোচনার অন্যতম জট যে তাদের পরমাণু কর্মসূচি, তাও এদিন ফের ট্রাম্পের বক্তব্যে উঠে এসেছে। ট্রাম্প বলেছেন, ‘আমাকে এমন একটা শক্তিশালী ও বিপজ্জনক দেশকে পরমাণু অস্ত্রের মালিক হওয়া থেকে আটকাতে হয়েছিল। কারণ ওরা এই অস্ত্র ব্যবহার করে বিশ্বকেই উড়িয়ে দিত। ওরা উন্মাদ। ওরা উগ্র।’ মার্কিন সংবাদমাধম্যের একটি মিট দ্য প্রেস সাক্ষাৎকারে তিনি যুদ্ধের যৌক্তিকতার ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করেছেন। ট্রাম্প বলেছেন, ইরানকে পরমাণু অস্ত্রের মালিক হতে না গিয়ে তিনি গোটা পৃথিবী ও আমেরিকার বিশেষ উপকার করেছেন। ট্রাম্পের দাবি, তিনি আলোচনার মাধ্যমেই পরমাণু ইস্যুটির নিষ্পত্তি চাইছেন। একইসঙ্গে বড়োসড়ো হামলার হুমকিও দিয়ে রেখেছেন ট্রাম্প। যদিও চলতি সংঘাত দীর্ঘস্থায়ী হবে না বলেও দাবি করেছেন ট্রাম্প। তাঁর কথায়, এখন সংঘর্ষ বিরতি চলছে। তিনি বলেছেন, শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে। দুটি দেশই সমঝোতার দোরগড়ায় দাঁড়িয়ে।