Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

যুদ্ধ ছড়াতে পারে ভারত মহাসাগরেও, দিল্লির উদ্বেগ বাড়িয়ে হুঁশিয়ারি ইরানের

আমেরিকা ও ইজরায়েল নতুন করে হামলা চালালে যুদ্ধ আর পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ থাকবে না। তা ছড়িয়ে পড়তে পারে ভারত মহাসাগরেও।

যুদ্ধ ছড়াতে পারে ভারত মহাসাগরেও, দিল্লির উদ্বেগ বাড়িয়ে হুঁশিয়ারি ইরানের
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: আমেরিকা ও ইজরায়েল নতুন করে হামলা চালালে যুদ্ধ আর পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ থাকবে না। তা ছড়িয়ে পড়তে পারে ভারত মহাসাগরেও। বৃহস্পতিবার এমনই হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি। তেহরানের এই হুমকি ভারতের জন্য মাথাব্যথার নয়া কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ, সমুদ্রপথে বাণিজ্য ও জ্বালানির জোগানের জন্য ওই অঞ্চলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল নয়াদিল্লি।

Advertisement

ইরানের সংবাদ মাধ্যমে সাফাভির একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে মোজতবা খামেনেইয়ের উপদেষ্টার হুঁশিয়ারি, ‘পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির গণ্ডি ছাড়িয়ে সংঘাত ইতিমধ্যেই লোহিত সাগরে পৌঁছে গিয়েছে। ফের হামলা হলে প্রত্যাঘাত হিসাবে যুদ্ধের পরিধি সম্প্রসারিত হয়ে ভারত মহাসাগর বা আরও বহুদূর ছড়িয়ে যেতে পারে।’ সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সংঘর্ষ ইতিমধ্যেই শিরোনামে। সম্প্রতি লোহিত সাগরের উপকূলভাগ নিজেদের দখলে নিয়েছে হুথি বাহিনী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদাব প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তপোক্ত করেছে তারা। এই বাব আল-মানদাব প্রণালীই সুয়েজ খাল হয়ে এশিয়ার ও ইউরোপের সংযোগ তৈরি করে। ঘটনাচক্রে, ইরান দীর্ঘদিন ধরেই তলায় তলায় হুথি গোষ্ঠীকে সামরিক সহায়তা করে আসছে। যদিও ইয়েমেনের সংঘাতে জড়িত থাকার অভিযোগ তেহরান খারিজ করেছে। 
এদিকে, গোটা বিশ্বে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের অন্যতম জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের সঙ্গে আমেরিকার দড়ি টানাটানি অব্যাহত। ইরানের আধিকারিকরা ইতিমধ্যে হুমকি দিয়ে রেখেছেন, আমেরিকা ফের হামলা চালালে যুদ্ধের পরিধি আরও সম্প্রসারিত হবে। তবে বৃহস্পতিবার এই প্রথম ভারত মহাসাগরের নাম উল্লেখ করলেন স্বয়ং মোজতবা খামেনেইয়ের উপদেষ্টা। ঘটনাচক্রে, ভারত মহাসাগরেই রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমেরিকা ও ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া। ইরান থেকে এই দ্বীপভূমির দূরত্ব প্রায় ৪ হাজার কিলোমিটার। আর ভারত মহাসাগরে উত্তেজনা তৈরি হলে স্বাভাবিকভাবেই তা নয়াদিল্লির কাছে উদ্বেগের কারণ হয়ে উঠবে।
পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে এদিন মক্কা সহ দেশের আরও বহু এলাকায় অ্যালার্ট জারি করে সৌদি আরব। ইরান সমর্থিত হুথি বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় মক্কা ছাড়াও জেড্ডা, ইয়ানবু ও তাবুকের মতো জায়গায় সতর্কতা জারি করা হয়। তবে কিছুক্ষণ পর অ্যালার্ট প্রত্যাহার করে নেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ