দুবাই: শান্তি দূরঅস্ত। উল্টে আরও অগ্নিগর্ভ পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। দেশের তিন পরমাণু ঘাঁটিতে মার্কিন হামলার পরেও থামতে নারাজ ইরান। উল্টে রবিবার থেকে নয়া উদ্যমে ইজরায়েলের উপরে হামলা শুরু করেছে তারা। মুড়ি-মুড়কির মতো ধেয়ে আসছে ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, এই প্রথম অত্যাধুনিক খেইবার-শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান। স্থানীয় সময় এদিন সকালে ইজরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে বলে খবর। যদিও এর ফলে ক্ষয়ক্ষতি সম্পের্কে িকছু জানা যায়নি। আক্রমণের মুখে পাল্টা আক্রমণ জারি ইজরায়েলেরও। যার জেরে ইরানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবরে প্রকাশ, এদিন ইজরায়েল লক্ষ্য করে অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে কয়েকটি ‘আয়রন ডোম’ রক্ষাকবচ ভেদ করে সে দেশের মাটিতে আছড়ে পড়ে। বিভিন্ন এলাকায় ঘন ঘন বেজে উঠেছে সাইরেন। আজকের হামলায় ইজরায়েলের অন্তত ৮৬ জন জখম হয়েছেন বলে খবর। এর মধ্যে তেল আভিভের আশপাশের এলাকায় আহত হয়েছেন ২৭ জনের মতো। এই সমস্ত এলাকা ইরানি আঘাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আক্রমণের মুখে বসে নেই নেতানিয়াহু সরকারও। গত আট দিন ধরে চলা হামলার ঝাঁঝ আরও বাড়িয়েছে তারা। ইরানের একাধিক শহরে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। এদিন তাবরিজে ২ জন জখম হয়েছেন। ক্ষতিগ্রস্ত আরও একাধিক শহর। তাতে আহত হয়েছেন বহু মানুষ। গত ১৩ জুন থেকে ইরানে হামলা শুরু করেছে ইজরায়েলি সেনা। তাতে এখনও পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি তেহরানের। আহতের সংখ্যা তিন হাজারের বেশি।