তেহরান: যুদ্ধের শুরুর দিক। ইরানের মিনাব শহরের এক প্রাথমিক স্কুলে যৌথ হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছিল ১৬৮ জনের। এদের মধ্যে অধিকাংশই ছিল নিষ্পাপ শিশু। এর পরেই বিশ্বজুড়ে একাধিক দেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে পড়েছে আমেরিকা। যদিও বারংবার হামলার দায় ঝেড়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে তদন্ত ও বিতর্ক জারি রয়েছে। এই বিতর্কের আবহের মধ্যেই আমেরিকার দুই নৌসেনা আধিকারিকের ছবি সামনে আনল তেহরান। কমান্ডার লেই আর টেট ও এগজিকিউটিভ অফিসার জেফরি ই ইয়র্ক। ইরানের দাবি, এই আধিকারিকদের নির্দেশেই ইরানের স্কুলে হামলা চালানো হয়। রবিবার ভারত, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার ইরানি দূতাবাসের তরফে দুই সেনা কর্তার ছবি প্রকাশ করা হয়েছে।



