তেহরান: হরমুজ প্রণালীতে মোট ৬টি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে ইরানের সরকারি গণমাধ্যম। যুদ্ধ পরিস্থিতিতে রবিবারই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল ইরান। তারপরেই ওই সংকীর্ন সমুদ্রপথে থাকা একের পর এক ট্যাঙ্কারকে নিশানা করা হয়েছে। রবিবারই পালাউয়ের পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছিল। সোমবার ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস দুটি তেলের ট্যাঙ্কারে হামলার কথা স্বীকার করেছে। সেগুলি ওমানের ম্যাসকট শহর ও ইউএই-র মিনা স্কোয়ারের কাছাকাছি ছিল বলে খবর। প্রসঙ্গত, হামলার আশঙ্কায় শনিবারই হরমুজ প্রণালীর সংকীর্ণ জলপথ ছেড়ে ওমান উপসাগরের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মার্কিন জাহাজগুলিকে। পাশাপাশি এই জাহাজগুলিকে মার্কিন নৌবহর থেকে অন্তত ৩০ নটিক্যাল মাইল দূরে থাকতে বলা হয়েছিল।



