Bartaman Logo
২৮ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ, ইরানে ফের হামলা আমেরিকার বাহরিনে ড্রোন ছুড়ল তেহরানও

ইরানে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে আমেরিকা বাহরিনে ড্রোন হামলা চালিয়েছে। এই হামলা পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি তীব্র করেছে। বিস্তারিত পড়ুন।

সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ, ইরানে ফের হামলা আমেরিকার  বাহরিনে ড্রোন ছুড়ল তেহরানও
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের কালো মেঘ! প্রাথমিক সংঘর্ষবিরতির চুক্তি সাক্ষরিত হওয়ার পরেও হামলা-পালটা হামলা ইরান ও আমেরিকার।  বৃহস্পতিবার একটি পণ্যবাহী জাহাজের উপরে ড্রোন হামলার অভিযোগ ওঠে। তার উত্তরে শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত করার স্থান ও উপকূলবর্তী রেডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। প্রত্যুত্তরে বাহরিনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

Advertisement

যুদ্ধ পরিস্থিতিতে আগেও বাহরিনে হামলা চালিয়েছে ইরান। পশ্চিম এশিয়ার এই দেশটি শুধু ইরানের কট্টর সমালোচক বলেই পরিচিত নয়, এখানেই অবস্থিত আমেরিকার পঞ্চম নৌবহরের সদর দপ্তর। কয়েকদিন আগেই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এসেছিলেন বাহরিন সফরে। ইরানের হামলার কড়া নিন্দা করেছে বাহরিনের বিদেশ মন্ত্রক। এই হামলাকে ‘দেশের নাগরিক ও অধিবাসীদের নিরাপত্তার বিষয়ে চরম হুমকি’ বলেও দাবি করেছে তারা। যদিও আইআরজিসি শনিবার বিবৃতি দিয়ে দাবি করেছে, সন্ত্রাসবাদী মার্কিন সেনার ঘাঁটিকেই শুধু টার্গেট করা হয়েছে।  দু’দেশের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যেও শুরু হয়েছে চাপানউতোর। এক্স হ্যান্ডলে মার্কিন বিদেশমন্ত্রী জেডি ভান্স লিখেছেন, ‘ইরান সংঘর্ষবিরতিতে স্বাক্ষর করেছে। আমরা তা সম্মান করি। চুক্তি নিয়ে কোনো মতানৈক্য থাকলে ওঁরা ফোন করতে পারে। তবে হিংসার আশ্রয় নিলে, সমুচিত জবাব দেওয়া হবে।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষ, ‘বোকার মতো যুদ্ধ বিরতি লঙ্ঘনের চেষ্টা।’ পালটা ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের পরামর্শদাতা মহসিন রেজাইয়ের দাবি, প্রাথমিক সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে আমেরিকা। তাঁর হুঁশিয়ারি, ‘মউয়ের শর্ত ভঙ্গ হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ অন্যদিকে ব্রিটিশ সেনার ইউনাউটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার দাবি করেছে, শনিবার হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কার আক্রান্ত হয়েছে। তবে কেউ আহত বা নিহত হননি। মনে করা হচ্ছে, ইরানই এই হামলা চালিয়েছে। জাহাজে হামলার এই খবরের কিছুক্ষণের মধ্যেই মার্কিন নেভির তত্ত্বাবধানে থাকা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, ওমানের উপকূলবর্তী জাহাজ চলাচলের রুটটি সম্প্রসারিত করা হয়েছে। ফলে সেখান থেকে জাহাজ ঢুকতে ও বের হতে কোনো অসুবিধা হবে না। তবে হরমুজে চলাচলকারী জাহাজগুলির ক্ষেত্রে এখনো ঝুঁকি আছে বলে  জানানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ