নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একবছরেরও বেশি সময় বন্ধ ছিল ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট পরিষেবা। তা আবার চালু করল ভারতীয় ডাক বিভাগের অধীন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)। সংস্থার কর্তারা জানিয়েছেন, ওই অ্যাকাউন্টে গ্রাহকের আর্থিক সুরক্ষা সংক্রান্ত কিছু খামতি ধরা পড়েছিল। তাই গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট খুলতে দেওয়া হয়নি। আরও উন্নত সুরক্ষা ব্যবস্থা আনার পরই তা চালু করা হল।
এই ‘ডিজিস্মার্ট’ অ্যাকাউন্ট চালু হলেও গ্রাহককে ই-কেওয়াইসি জমা করতে হবে। দপ্তরের কর্তারা জানাচ্ছেন, যেকোনও ব্যক্তি বাড়িতে বসে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তার মাধ্যমে লেনদেনও করা যাবে, তবে তা নিয়ন্ত্রিত হবে। যাঁরা অ্যাকাউন্ট খুলবেন, একবছরের মধ্যে তাঁদের ইকেওয়াইসি’র কাজ শেষ করতে হবে। তা করা যাবে যেকোনও নিকটবর্তী ডাকঘরে। তারপরই পূর্ণ উদ্যমে ব্যাঙ্কিং পরিষেবা মিলবে এই অ্যাকাউন্ট থেকে। ইকেওয়াইসি জমা না-হওয়া পর্যন্ত গ্রাহক ১০ হাজার টাকা পর্যন্ত নগদ লেনদেন করতে পারবেন, ই-কমার্স পেমেন্ট করতে পারবেন এবং স্বল্প সঞ্চয় প্রকল্প সংক্রান্ত লেনদেন করতে পারবেন। দপ্তরের কর্তারা জানাচ্ছেন, ডিজিস্মার্ট অ্যাকাউন্ট ছাড়াও অন্যান্য অ্যাকাউন্ট খোলার সুযোগ চালু থাকছে গ্রাহকদের জন্য।
প্রসঙ্গত, বর্তমানে আইপিপিবি’তে গ্রাহক সংখ্যা ১২ কোটি ছাড়িয়ে গিয়েছে। সংখ্যাটি পশ্চিমবঙ্গে প্রায় ৩২ লক্ষ।