চেন্নাই: চেন্নাই সুপার কিংস দলে মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ সেটা ভালোই টের পাওয়া গিয়েছে গত ম্যাচে। চোটের কারণে মাহি অন্তত ছ’টা ম্যাচ খেলতে পারবেন না। তাই দলের সঙ্গে গত ম্যাচে গুয়াহাটি যাননি। ধোনিহীন সিএসকে মুখ থুবড়ে পড়েছিল রাজস্থানের বিরুদ্ধে। হার ভুলে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে চেন্নাই। শুক্রবার ঘরের মাঠে হালুদ জার্সিধারীরা মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। শ্রেয়স আয়ারের নেতৃত্বে পাঞ্জাব প্রথম ম্যাচে লখনউকে হারিয়ে বেশ চনমনে।
চিপকে সিএসকে’র রেকর্ড বেশ ভালো। তবে পাঞ্জাবকে হারাতে হলে ব্যাটিংয়ে উন্নতি প্রয়োজন। কিন্তু ওপেনিং জুটি প্রথম ম্যাচে জমাট বাঁধেনি। সিএসকে’র অনুশীলনে তাই ব্যাটিংয়ের খামতি মেটানোর চেষ্টা দেখা গেল বৃহস্পতিবার। গত ম্যাচে শিবম দুবেকে নামানো হয়েছিল সাত নম্বরে। প্রয়োজনে তাঁকে তুলে আনা হতে পারে উপরের দিকে। ছন্দে আছেন সরফরাজ খান। তবে ম্যাথু শর্ট বা কার্তিক শর্মার মতো ব্যাটারদের আরও দায়িত্বশীল হওয়া জরুরি। চেন্নাইয়ের বোলিংয়ে তারকার বড় অভাব। পেস আক্রমণে খলিল আহমেদের সঙ্গে ম্যাট হেনরি ও জেমি ওভারটনকে খেলানো হচ্ছে।
এদিকে, পাঞ্জাব কিংস ট্রফির স্বাদ পেতে মরিয়। গতবার অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়েছিল। পন্টিংয়ের কোচিংয়ে পাঞ্জাবকে এবার জমাট দেখাচ্ছে। গত ম্যাচে গুজরাতের বিরুদ্ধে জয়ে বড় ভূমিকা রেখেছেন নবাগত কুপার কনোলি। তবে শ্রেয়স আয়ার হতাশ করেছেন। পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরণ সিং পাওয়ার প্লে’তে খুবই ভয়ঙ্কর। মিডল অর্ডারে বড় ভরসা নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং ও মার্কাস স্টোইনিস। চেন্নাইয়ের তুলনায় পাঞ্জাবের বোলিং অনেক বেশি শক্তিশালী। পেস আক্রমণে মার্কো জানসেনের সঙ্গী বার্টলেট ও অর্শদীপ। স্পিনার যুজবেন্দ্র চাহাল গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন। তাঁকে খেলা সহজ হবে না চেন্নাইয়ের ব্যাটারদের।