মুম্বই, ৩ জানুয়ারি: ভারত ও বাংলাদেশের মধ্যে পড়তি সম্পর্কের কালো ছায়া এবার ক্রিকেটে! এবারের আইপিএলে খেলতে পারবেন নাবাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তাঁর জন্য কোটিপতি লিগের দরজা বন্ধ করল বিসিসিআই। মুস্তাফিজুরকে দলে রাখা যাবে না বলে কেকেআর-কে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। পরিবর্তে অন্য কোনও খেলোয়াড়কে স্কোয়াডে নেওয়ার সুযোগ পাবে শাহরুখ খানের দল।
এই প্রসঙ্গে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে বিসিসিআই। পরিবর্তে তারা যদি অন্য খেলোয়াড় নিতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’
একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের আইপিএলে খেলার কথা ছিল মুস্তাফিজুরের। নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকা দর হেঁকে এই তারকা পেসারকে কিনে নেয় কেকেআর। কিন্তু বাংলাদেশের সম্প্রতিক পরিস্থিতি ভারতের কোটিপটি লিগে মুস্তাফিজুরের খেলা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল। সেদেশের মাটিতে একের পর এক সংখ্যালঘু নির্যাতনের ঘটনার প্রতিবাদে আইপিএলে বাংলাদেশি খেলোয়াড় বয়কটের ওঠে। এই ইস্যুতে অবশেষে অবস্থান স্পষ্ট করল ভারতীয় ক্রিকেট বোর্ড। যার ফলে আইপিএল শুরুর আগে বড় ধাক্কা খেল কলকাতা।