নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম জেলা শহর আইএনটিটিইউসি একুশে জুলাইকে সামনে রেখে বাইক র্যালি করল। বুধবার পুরাতন ঝাড়গ্ৰাম থেকে জামদা হরিমন্দির পর্যন্ত বাইক র্যালি হয়। বাইক র্যালিতে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম জেলা শহর আইএনটিটিইউসি একুশে জুলাইকে সামনে রেখে বাইক র্যালি করল। বুধবার পুরাতন ঝাড়গ্ৰাম থেকে জামদা হরিমন্দির পর্যন্ত বাইক র্যালি হয়। বাইক র্যালিতে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ সফল করতে তৃণমূলের শাখা সংগঠনগুলি ঝাঁপিয়ে পড়েছে। শ্রমিক সংগঠনগুলি প্রস্তুতি সভা পদযাত্রা, র্যালি করছে। এদিন পুরাতন ঝাড়গ্রাম পেট্রল পাম্প মোড়ে সকাল ১০টার পর বাইকে দলীয় পতাকা লাগিয়ে র্যালি শুরু হয়। ওই র্যালিতে ঝাড়গ্রাম শহর আইএনটিটিইউসির সভাপতি সুমিত বসাক, ঝাড়গ্রাম জেলা আইএনটিটিইউসির সভাপতি মহাশিস মাহাত, সহ সভাপতি নান্টুলাল দাস, জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন ষড়ঙ্গী সহ শ্রমিক সংগঠনের প্রথম সারির নেতারা উপস্থিতি ছিলেন। পরিযায়ী শ্রমিকদের স্বার্থ রক্ষায় রাজ্য তৃণমূল নেতৃত্ব আন্দোলনে জোর বাড়াচ্ছে। ঝাড়গ্রাম জেলার বহু মানুষ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, ওড়িশায় কাজ করেন। জেলার বাইরে কাজ করতে যাওয়া শ্রমিকরা নানা সমস্যার সম্মুখীন হন। জেলার শ্রমিক সংগঠন শ্রমিক ও তাঁদের পরিবারের স্বার্থে কাজ করে চলেছে। সামাজিক সুরক্ষা যোজনার মতো প্রকল্পের সুবিধা দিতে শিবির করা হচ্ছে। সুমিতবাবু বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় সংগঠন সামনে থেকে কাজ করছে। আমরা পাশে দাঁড়ানোয় শ্রমিকরা সাহস পাচ্ছেন। সংগঠনের সদস্যরা ধর্মতলার সমাবেশে যোগ দেবেন। মহাশিসবাবু বলেন, এই জেলায় জেলা বাস পরিবহণ তৃণমূল শ্রমিক ইউনিয়ন, জেলা প্রোগ্রেসিভ ল’ক্লার্কস ইউনিয়ন, জেলা সিকিউরিটি অ্যান্ড অ্যালায়েড ওয়ার্কমেনস ইউনিয়ন, টোটো ইউনিয়ন, সারা বাংলা তৃণমূল নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যদের নিয়ে প্রস্তুতি সভা, প্রচার চালানো হচ্ছে। একুশের সমাবেশে শ্রমিকরা সম্মিলিতভাবে ধর্মতলার সমাবেশে শামিল হবেন। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন ষড়ঙ্গী বলেন , শ্রমজীবীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেন। শ্রমিকরা সমাজের প্রধান চালিকাশক্তি। একুশের সমাবেশে সফল করতে তাঁরা সামনে এগিয়ে এসেছেন।-নিজস্ব চিত্র