নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চা বাগানে স্বাস্থ্যকেন্দ্রের জন্য চিকিৎসক ও নার্স নিয়োগের ইন্টারভিউ শুরু হল। মঙ্গলবার থেকে শিলিগুড়ির দাগাপুরে শ্রমিক ভবনে শুরু হওয়া ওই ইন্টারভিউ চলবে তিনদিন। আপাতত দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মিলিয়ে ২০টি স্বাস্থ্যকেন্দ্রের জন্য একজন করে চিকিৎসক এবং প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের জন্য দু’জন করে নার্স নিয়োগ করা হচ্ছে। পরে অ্যাম্বুলেন্স চালক সহ চা বলয়ের ওইসব স্বাস্থ্যকেন্দ্র পরিচালনায় আরও কিছু কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন শ্রমদপ্তরের টি ডাইরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর সঞ্জু সিমিক। তিনি বলেন, রাজ্যের উদ্যোগে চা বাগানে তৈরি হওয়া স্বাস্থ্যকেন্দ্রগুলির জন্য চিকিৎসক ও নার্স নিয়োগে ইন্টারভিউ শুরু হয়েছে। ১৮-২০ নভেম্বর পর্যন্ত ওই ইন্টারভিউ চলবে। যোগ্যরা সরাসরি ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন।
শ্রমদপ্তর সূত্রে খবর, চা বাগানে স্বাস্থ্যকেন্দ্রগুলির জন্য পার্ট টাইম মেডিকেল অফিসার চাওয়া হয়েছে। এমবিবিএস পাশ করা চিকিৎসকরা ওই পদে যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এই মুহূর্তে চুক্তিভিত্তিতে ২০ জন চিকিৎসক নিয়োগ করা হবে। সাম্মানিক হিসেবে মাসে ৩০ হাজার টাকা পাবেন তাঁরা। এছাড়া পূর্ণ সময়ের জন্য ৪০ জন নার্স নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কিংবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত যেকোনও প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স করা থাকতে হবে তাঁদের। নার্সদের ক্ষেত্রে মাসে ২৫ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।
শ্রমদপ্তরের টি ডাইরেক্টরেট সূত্রে খবর, বর্তমানে চা বলয়ে যে ২০টি স্বাস্থ্যকেন্দ্রের জন্য চিকিৎসক ও নার্স নিয়োগের ইন্টারভিউ চলছে, এর মধ্যে জলপাইগুড়ি জেলায় রয়েছে ১১টি স্বাস্থ্যকেন্দ্র, আলিপুরদুয়ার জেলায় রয়েছে ৮টি স্বাস্থ্যকেন্দ্র এবং একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে দার্জিলিং জেলায়। টি ডাইরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর সঞ্জু সিমিক বলেন, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যা থেকে চা বাগানে ১৪টি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন। আরও কিছু স্বাস্থ্যকেন্দ্র চালুর অপেক্ষায়। এখন আমরা সবমিলিয়ে ২০টি স্বাস্থ্যকেন্দ্রের জন্য চিকিৎসক ও নার্স নিয়োগ করছি। পরবর্তীতে আরও কিছু নিয়োগ হবে।
গত ১০ নভেম্বর উত্তরকন্যা থেকে চা বলয়ে স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি ১৫টি ক্রেশের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শ্রমদপ্তর সূত্রে খবর, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা চা বাগানের ক্রেশগুলি দেখভালের দায়িত্ব পেয়েছেন। শুধু স্বাস্থ্যকেন্দ্র কিংবা ক্রেশ নয়, চা শ্রমিকদের ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করতে চলেছে রাজ্য। ১০ নভেম্বর এ ব্যাপারে মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় নিজেই ঘোষণা করেছেন। জেলা প্রশাসন সূত্রে খবর, কয়েকদিনের মধ্যে চা বাগানের ছেলেমেয়েদের স্কুলে যাতায়াতের জন্য ১০টি বাস নামতে চলেছে। একেবারে নিখরচায় ওইসব বাসে চেপে চা বাগানের পড়ুয়ারা স্কুলে যাওয়া-আসা করতে পারবে।