মুম্বই: স্পোর্টস বিল পাশ হলেও লোধা কমিটির নিয়ম মেনে সেপ্টেম্বরেই বার্ষিক সাধারণ সভা করতে চায় বিসিসিআই। অ্যাপেক্স কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে সভায় হাজির ছিলেন না রজার বিন্নি। সত্তর পেরিয়ে যাওয়ায় লোধা আইনে তিনি আর সভাপতি পদে থাকতে পারবেন না। ফলে ক্ষমতার হস্তান্তর ঘটল নীরবে। বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লাই আপাতত বিন্নির ছেড়ে যাওয়া দায়িত্ব সামলাবেন। অর্থাৎ এজিএম পর্যন্ত তিনিই অস্থায়ী সভাপতি। তবে পূর্ণ সময়ের বোর্ড সভাপতি হওয়ার জন্য রাজীব শুক্লা পরবর্তী সময়ে মনোনয়ন জমা দেন কিনা, সেটাই দেখার। সেক্ষেত্রে অবশ্য বিজেপির সমর্থন লাগবে। কারণ, রাজীব শুক্লা কংগ্রেস নেতা হিসেবেই পরিচিত। তবে দলের উর্দ্ধে উঠে তিনি সবপক্ষের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে সিদ্ধহস্ত। এই অঙ্কে রাজীব শুক্লারই পাল্লা ভারী পরবর্তী বোর্ড সভাপতি হওয়ার লড়াইয়ে।



