জগদ্ধাত্রী পুজোয় সরকারি উদ্যোগে সাজসজ্জা নিয়ে তুমুল বিতর্ক চন্দননগরে , কাল উদ্বোধনে মুখ্যমন্ত্রী
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে এবার রাজ্য উৎসব ঘোষণা করা হয়েছে। তারপরেই রাজ্য সরকারের তরফে চন্দননগরকে বিশেষভাবে সাজিয়ে তোলার প্রয়াস শুরু হয়েছে। ইতিমধ্যেই নয়া সাজে সেজে উঠেছে চন্দননগরের ঐতিহ্যবাহী স্ট্র্যান্ড রোড। সাজানো হয়েছে চন্দননগর, ভদ্রেশ্বর ও মানকুণ্ডু থেকে দিল্লি রোডগামী একাধিক সেতু ও রাস্তা। কিন্তু সেসব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নাগরিক মহলে। চন্দননগর স্ট্র্যান্ডে স্বাধীনতা আন্দোলনের বীর সৈনিকদের শ্রদ্ধা জানাতে ছোটো ছোটো মঞ্চ গড়ে তাঁদের পরিচিতি দিয়ে হোর্ডিং দেওয়া হয়েছে। অভিযোগ, সেখানে জাতীয় পতাকাকে উলটো করে ছাপানো হয়েছে। এ নিয়ে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। তবে এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় বুধবার রাতেই দু’-এক জায়গায় হোর্ডিং, ব্যানার বদল করা হয়েছে। স্ট্র্যান্ড রোডের উপরে তৈরি হয়েছে অসংখ্য তোরণ। অভিযোগ, সেখানে জগদ্ধাত্রীর বানান ভুল লেখা হয়েছে। অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন। যেভাবে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানোর চেষ্টা হয়েছে, তা সঠিক নয় বলেই মনে করেন অনেকে। বিপ্লবী কানাইলাল দত্তের ছবিকে ত্রিশূল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। তবে সাজসজ্জার ধরন নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন চন্দননগরের বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ। তিনি বলেন, এই প্রথম চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে ব্র্যান্ডিং করার ব্যবস্থা করা হয়েছে। নাগরিকদের তরফে কিছু পরামর্শ আছে। সেগুলি বিচার করা হবে। সাজসজ্জার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগমনকে কেন্দ্র করে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৩ নভেম্বর মেরির মাঠে বিশেষ উৎসবের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী জগদ্ধাত্রী উৎসবের সূচনা করবেনবলে জানা যাচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement