ভারতে আসা বাংলাদেশিদের ভিসার মেয়াদের উপর নজর গোয়েন্দাদের
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ভিসা নিয়ে ভারতে আসা বাংলাদেশিরা নির্দিষ্ট মেয়াদ ফুরিয়ে গেলে বাড়তি একদিনও যাতে না থাকে সেদিকেই নজরদারি শুরু করেছে কোচবিহার জেলা পুলিশ। ভিসার মেয়াদ শেষ হওয়ার ৭ দিন আগে থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হচ্ছে। ভিসার মেয়াদ শেষে ওই ব্যক্তি দেশ ছাড়ল কি না সেই নজরদারি বাড়িয়ে দিয়েছে জেলা পুলিশের গোয়েন্দারা। 

Advertisement

রাজ্য পুলিশের এক কর্তা বলেন, আমরা এই কাজটায় এখন সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। পাশাপাশি, আমাদের এখন প্রাথমিক কাজই হচ্ছে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের আটক করে ফেরত পাঠানো। যাতে একজনও অনুপ্রবেশকারী এদেশে বসবাস করতে না পারে। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের প্রথমে চিহ্নিত করে আটক করা হচ্ছে। এরপর বিএসএফের সহযোগিতা নিয়ে আইনি প্রক্রিয়া মেনে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাজ্য পুলিশ ‘ডিটেইন, ডিপোর্ট’ পলিসি নিয়েছে। শেষ চার মাসে শুধুমাত্র কোচবিহার জেলা থেকে অবৈধভাবে এদেশে বসবাসকারী ৩৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 
কোচবিহার জেলার একমাত্র এবং রাজ্যের অন্যতম স্থলবন্দর চ্যাংরাবান্ধা দিয়ে মূলত ‘স্টুডেন্ট ভিসা’ এবং ‘মেডিকেল ভিসা’ নিয়েই বাংলাদেশিরা প্রবেশ করছেন। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে ‘ট্যুরিস্ট ভিসা’ অনেকটাই কমে গিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। ভিসা নিয়ে ভারতে ঢোকা বাংলাদেশিদের ওপর নজরদারি চালাতে ভারত সরকারের নির্দিষ্ট পোর্টাল রয়েছে। সেই পোর্টালে যেমন জেলা পুলিশের গোয়েন্দারা নজরদারি চালাচ্ছেন, ঠিক একইভাবে সীমান্তবর্তী গ্রামাঞ্চলেও কঠোর নজরদারি রয়েছে পুলিশের। 
রাজ্য পুলিশের ওই কর্তার কথায়, সীমান্তবর্তী গ্রামে বসবাসকারী অধিকাংশ পরিবারের আত্মীয়-পরিজন বাংলাদেশে রয়েছে। বিভিন্ন পারিবারিক এবং সামাজিক অনুষ্ঠানে বাংলাদেশি আত্মীয়রা এদেশে থাকা আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। কিন্তু, অনেকেই এদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে আর নিজের দেশে ফিরে যাননি। পূর্বে এই ঘটনা বহুবার ঘটেছে। কাজেই সীমান্তবর্তী বাড়িগুলিতে আগন্তুকদের ওপরেও কড়া নজরদারি চালানো হচ্ছে। যদিও শেষ চার-পাঁচ মাসে এই ধরনের ঘটনা প্রায় ঘটেনি বললেই চলে। 
কোচবিহার জেলায় প্রায় সাড়ে পাঁচশো কিমি অংশে বাংলাদেশের সীমান্ত রয়েছে। ইতিমধ্যেই জেলার সীমান্তবর্তী থানার সংখ্যা বাড়ানোর প্রক্রিয়াও শুরু করেছে রাজ্য পুলিশ। বিএসএফের সঙ্গে জেলা পুলিশের কো-অর্ডিনেশন আগের থেকে এখন অনেকটা বেড়ে গিয়েছে। ফলে বহু ক্ষেত্রেই বিএসএফ এবং পুলিশ যৌথ অপারেশন চালাচ্ছে বলেও জানা গিয়েছে। তারা নিজেদের মধ্যে যেমন সীমান্তবর্তী এলাকার দাগী অপরাধীদের তালিকা আদানপ্রদান করছে, তেমনি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেও ঠিক একইভাবে একেঅপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।