Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ঝটপট চাইনিজ

ঝটপট চাইনিজ রেসিপির মাধ্যমে তৈরি করুন চিলি ফ্রায়েড চিকেন ও BBQ স্মোকড ভেটকি। সহজ উপকরণে মুখরোচক স্ন্যাক্স। বিস্তারিত পড়ুন।

ঝটপট চাইনিজ
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হাতে সময় কম। অথচ পাতে চাই মুখরোচক কিছু খাবার। এসব ক্ষেত্রে চীনে পদ হতে পারে মুশকিল আসান। তেমনই তিন পদের রেসিপি দিলেন চাওম্যান-এর এগজিকিউটিভ শেফ দীনেশ তামাং।

Advertisement

চিলি ফ্রায়েড চিকেন

চাইনিজ স্ন্যাক্সে স্যসে টস করার পদ্ধতিই এই পদগুলিতে বাড়তি স্বাদ ও অথেন্টিক ফ্লেভার যোগ করে। বাড়িতে হঠাৎ করে কেউ চলে এসেছেন বা নিজেরই একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করছে? সহজ উপকরণে চট করে বানিয়ে ফেলা যায় এই পদ। বেশি কাটাকুটির ঝুটঝামেলাও নেই।

উপকরণ: বোনলেস চিকেন (ছোটো টুকরো করে কাটা) ১৮০ গ্রাম, ময়দা ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ডিম  ভাগ, আদা-রশুন বাটা ১ চা চামচ, চিলি অয়েল ১ চা চামচ, লাইট সয়া স্যস ১ চা চামচ, নুন স্বাদমতো, সাদা গোলমরিচ গুঁড়ো স্বাদমতো, রশুন কুচি ৫-৬ কোয়া, কাঁচালংকা কুচি  ২-৩টি, চিনি এক চিমটে, সাদা তেল ডিপ ফ্রাই করার জন্য।

প্রণালী: একটি পাত্রে চিকেনের সঙ্গে ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম, আদা-রশুন বাটা, চিলি অয়েল, লাইট সয়া স্যস, নুন এবং সাদা গোলমরিচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে ১০–১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। কড়ায় পর্যাপ্ত তেল গরম করে চিকেনগুলো ভেজে নিন। সোনালি বাদামি রং ও মুচমুচে হওয়া পর্যন্ত ডিপ ফ্রাই করুন। এবার চিকেনগুলো তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে রাখুন। অন্য একটি কড়ায়ে নতুন করে অল্প সাদা তেল যোগ করে গরম করে নিন। এতে রসুন কুচি ও কাঁচালংকা কুচি আঁচ বাড়িয়ে ভেজে নিন। কিছুক্ষণ ভাজলেই লংকা ও রশুনের গন্ধ বেরবে। এবার এগুলোর মধ্যে ভাজা চিকেনগুলো যোগ করে ভালোভাবে টস করে নিতে হবে। নামানোর কিছুক্ষণ আগে এক চিমটি চিনি ছড়িয়ে আরও কিছুক্ষণ উচ্চ আঁচে নাড়ুন, যাতে চিকেনে সুন্দরভাবে হালকা একটা ক্যারামেল কোটিং তৈরি হয় ও ঝাল-মিষ্টিতে সামঞ্জস্য আসে। চাইনিজ স্ন্যাক্সে বরাবরই এই পদের কদর রয়েছে।

বার-বি-কিউ স্মোকড ভেটকি

বার-বি-কিউ স্যসে টস করা যে কোনো স্ন্যাক্সই খুব উপাদেয়। তাই চাইনিজ রান্নায় এই স্যসের আলাদা গুরুত্ব রয়েছে। ভেটকি মাছের সঙ্গে এই স্যসের মিশেলে স্বাদ আরও খোলতাই হয়। বর্ষার ডিনারে বা সান্ধ্য আড্ডায় স্টার্টার হিসেবে রাখতে পারেন এই পদ।

উপকরণ: ছোটো টুকরো করে কাটা বোনলেস ভেটকি ফিলে ১৫০ গ্রাম, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, ডিম অর্ধেক, শুকনো লংকা গুঁড়ো ১ চা চামচ (ঝাল না খেলে এর পরিবর্তে কাশ্মীরি লংকা গুঁড়োও ব্যবহার করতে পারেন), কিউব করা পেঁয়াজ ২৫ গ্রাম, ডার্ক সয়া স্যস ২ চা চামচ, লাইট সয়া স্যস ১ চা চামচ, অয়েস্টার স্যস ১ চা চামচ, টম্যাটো স্যস ২ টেবিল চামচ, মাখন ১ চা চামচ, চিনি এক চিমটে, সাদা গোলমরিচ গুঁড়ো স্বাদমতো,  সাদা তেল ডিপ ফ্রাই করার জন্য, স্প্রিং অনিয়ন কুচি সাজানোর জন্য।

প্রণালী: ভেটকির টুকরোগুলো ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম এবং সাদা গোলমরিচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিন। এবার কড়ায় তেল গরম করে মাছগুলো সোনালি ও মুচমুচে না হওয়া পর্যন্ত ডিপ ফ্রাই করুন। ভাজা শেষে অতিরিক্ত তেল ঝরিয়ে রাখুন। একটি অন্য কড়ায় অল্প তেল গরম করে পেঁয়াজের কিউবগুলো দিয়ে আঁচ বাড়িয়ে হালকা করে ভেজে নিন। একটু রং ধরলেই শুকনো লংকা গুঁড়ো, ডার্ক সয়া স্যস, লাইট সয়া স্যস, অয়েস্টার স্যস, টম্যাটো স্যস, চিনি এবং মাখন দিয়ে নেড়ে বেস তৈরি করে নিন। এবার এর মধ্যে ভাজা মাছ যোগ করতে হবে। ভেটকি নরম মাছ, তাই মাছ দিয়ে আলতোভাবে টস করতে থাকুন, যাতে প্রতিটি টুকরো স্যসের বেসের সঙ্গে ভালোভাবে মাখানো হয়। উপর থেকে স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে নিলেই তৈরি বার-বি-কিউ স্মোকড ভেটকি।

Advertisement
সম্পর্কিত সংবাদ