সংবাদদাতা, চাঁচল: পানীয় জলে কিলবিল করছে পোকা। তাতে আতঙ্ক ছড়িয়েছে চাঁচল ১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাকা মল্লিকপাড়া এলাকায়। শুক্রবার দুপুরে পিএইচই’র একটি কল খুলতেই জলের সঙ্গে পোকা বের হয় বলে দাবি বাসিন্দাদের। ভয়ে ট্যাপের জল খাওয়া বন্ধ করে দিয়েছেন অনেকে। জল সঙ্কটের অভিযোগ করে শনিবার গ্রামের রাস্তায় বালতি, কলসি নিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
অভিযোগ, মল্লিকপাড়ায় প্রায় তিন শতাধিক পরিবারের জন্য কয়েক বছর আগে পিএইচই’র উদ্যোগে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ চালু হয়। প্রথম দিকে নিয়মিত জল পেলেও গত তিন মাস অধিকাংশ বাড়িতে জল পৌঁছচ্ছে না বলে অভিযোগ। তার উপর শুক্রবার থেকে জলে পোকা রয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, জল না আসার কারণে বহু পরিবার ট্যাপকল ব্যবহার করেন না। কোথাও কোথাও দীর্ঘদিন কল পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এমনকী কিছু কল ঝোপঝাড়ে ঢেকেছে। স্থানীয়দের আশঙ্কা,সেসব খোলা কল দিয়েই পোকা ও কীটপতঙ্গ পাইপলাইনের ভিতরে ঢুকে জলে মিশে যাচ্ছে।
লুসি খাতুন বলেন, বালতিতে জল ভরছিলাম। হঠাৎ দেখি কয়েকটি পোকা রয়েছে। অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কায় তারপর থেকে কলের জল পান করছি না।
একাধিক পরিবারের অভিযোগ, বাড়িতে কল থাকলেও তিন মাস এক ফোঁটা জল আসছে না। অন্যের বাড়ির টিউবওয়েল থেকে জল বয়ে এনে পান করতে হচ্ছে। অথচ প্রশাসনের কোনও হেলদোল নেই।
চাঁচল মহকুমা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমিত ঘোষ বলেন, ওই এলাকায় কয়েক জায়গায় পাইপলাইনে ফুটো থাকায় জল সরবরাহে সমস্যা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব চিত্র