সংবাদদাতা, বোলপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লেপার প্রতিবাদে আজ, সোমবার বীরভূম জেলাজুড়ে ধিক্কার মিছিল করবে তৃণমূল। রবিবার কোর কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন আহ্বায়ক অনুব্রত মণ্ডল ও চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়। শনিবার সিউড়িতে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভের সময়ে বিজেপির এক কর্মী মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লেপে দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ অনুব্রত মণ্ডল এদিন বৈঠক শেষে ধিক্কার মিছিলের ডাক দেন। দলীয় কার্যালয়ে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব সহ বিধায়ক, সাংসদ ও পুর প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিনিধি। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতি রবিবার বাংলাভাষার উপর সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তৃণমূল রাজ্যজুড়ে কর্মসূচি চালাবে। জেলা নেতৃত্ব সেই কর্মসূচির রূপরেখা তৈরি করেছে। পরবর্তী কোর কমিটির বৈঠক আগামী ১৮ আগস্ট স্থির করা হয়েছে বলে জানিয়েছেন আশিসবাবু। এদিনের বৈঠকে অংশ নেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ ও নবনিযুক্ত কোর কমিটির সদস্য রবি মুর্মু। যদিও রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বিশেষ কারণে অনুপস্থিত ছিলেন।



