নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। ১৯৪৭ সালের এই দিনে অবিভক্ত বঙ্গের আইনসভায় পৃথক পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টির প্রস্তাব অনুমোদিত হওয়ায় তাকে স্মরণ করে এখন থেকে প্রতি বছর এই দিনটি পালনের উদ্যোগ নিয়েছে রাজ্য। এই পরিস্থিতিতে সরকারি কাজকর্মে বাংলা ভাষাকে আরও জনপ্রিয় করার দাবি উঠেছে। ১৯৬৫ সালের ২৬ জানুয়ারি রাজ্যের সরকারি ভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দেয় তৎকালীন রাজ্য সরকার। সেই সময় পাহাড়ের তিনটি মহকুমা কালিম্পং, দার্জিলিং ও কার্শিয়াংয়ে বাংলার পাশাপাশি নেপালি ভাষাকেও সরকারি স্বীকৃতি দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু তারপর বহু বছর কেটে গেলেও সরকারি কাজকর্মে বাংলা ভাষার ব্যবহার খুবই সীমিত বলে অভিযোগ। ২০০০ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যসচিব মণীশ গুপ্ত পরবর্তী বাংলা বছরের পয়লা বৈশাখ থেকে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার নিয়ে নির্দেশিকা জারি করেন।



