সংবাদদাতা, পুরাতন মালদহ: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই কলকাতায় শহিদ দিবস। সেখানে পুরাতন মালদহ শহর থেকে প্রচুর কর্মী, সমর্থক নিয়ে যাওয়ার লক্ষ্য স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। সেজন্য এখন থেকে তাঁরা প্রচারে নেমেছেন। শনিবার শহরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শক্রঘ্ন সিনহার পক্ষ থেকে বাচামারিতে দেওয়াল লিখন করা হয়। কাউন্সিলার তুলি নিয়ে দলীয় প্রতীক ঘাসফুল আঁকেন। তাঁর সঙ্গে দলের কর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন।
৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বলেন, একুশে জুলাই মানে আমাদের আবেগ। এটা দলের বড় কর্মসূচি। দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ওই দিন বিপুল কর্মী, সমর্থক নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেব। এদিন দেওয়াল লিখন করেছি। আমাদের প্রস্তুতি তুঙ্গে। ওইদিন নেত্রী কী নির্দেশ দেন, সেদিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি।
শহিদ দিবস উপলক্ষ্যে স্থানীয় শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গত কয়েকদিন ধরে মঙ্গলবাড়িজুড়ে প্রচার চলছে। এদিন ৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সকাল থেকে স্থানীয় মোড়ে মোড়ে প্রচার করা হয়। কাউন্সিলার বলেন, রাজ্য সরকার কন্যাশ্রী, রূপশ্রী সহ একাধিক প্রকল্প মানুষের জন্য উপহার দিয়েছেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেগুলি তুলে ধরছি। একই সঙ্গে একুশে জুলাই কেন পালন করা হয় এবং নেত্রীর লড়াইয়ের কথা মানুষকে জানিয়েছি। নিজস্ব চিত্র