শিল্পীর প্রিয় গাড়ি ‘জুবিন ক্ষেত্রে’ ফেরানোর উদ্যোগ
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: মানুষ চলে যান। তাঁর সৃষ্টি, স্মৃতি এবং সেই সঙ্গে জড়িয়ে থাকা নানান মুহূর্তগুলি থেকে যায়। জুবিন গর্গের ক্ষেত্রেও অন্যথা হয়নি। প্রিয় গায়কের গান ও সুরের পাশাপাশি তাঁর জীবনযাপনের সঙ্গে যুক্ত নানা জিনিসপত্র অনুরাগীদের কাছে অমূল্য সম্পদ। সেগুলি নিয়ে অসমে গড়ে উঠেছে —‘জুবিন ক্ষেত্র’। সেই সংগ্রহশালায় এবার নয়া সংযোজন হতে চলেছে জুবিনের প্রিয় রেঞ্জ রোভার। সেই গাড়িটিই চার অনুরাগীর উদ্যোগে এবার ফিরে আসতে চলেছে ‘জুবিন ক্ষেত্রে’। সেই খবর সামনে আসার পরেই আরও একবার জুবিন আবেগে ভাসলেন অসমবাসী।

Advertisement

সূত্রের খবর,  জুবিনের অনুরাগী সৌমিক দত্ত, মানস ভগবতী, পবিত্র রাভা এবং বঙ্কিম রায় মেধি  বর্তমান মালিক সোনমণি দাসের কাছ থেকে গাড়িটি কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। এরপর গাড়িটি জুবিন ক্ষেত্রে ফিরিয়ে এনে সংরক্ষণ করা হবে। উল্লেখ্য, কেনার পর ২০২৪ সালের ২ মার্চ জুবিন সমাজমাধ্যমে এই গাড়িটির ছবি পোস্ট করেছিলেন। অকালপ্রয়াণের পর তাঁর পরিবার সেই বিলাসবহুল গাড়িটি বিক্রির সিদ্ধান্ত নেয়। সোনমণি দাস নামের এক ব্যবসায়ী তথা অনুরাগী এই গাড়িটি কেনার পর থেকে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। অনুরাগীরা দাবি করেন, জুবিনের ব্যবহৃত সবকিছুই অমূল্য। এরপরই এটিকে জুবিন ক্ষেত্রে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন চার অনুরাগী। এই গাড়ি বিক্রি প্রসঙ্গে জুবিনের বোন পামী বরঠাকুর জানান, ‘এটি একান্ত পারিবারিক সিদ্ধান্ত। জুবিনের স্ত্রী ও আমাদের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কিন্তু পরিস্থিতির কারণে এটি বিক্রি করতে হয়েছে।’ সূত্রের খবর, ৬ বছরের জন্য প্রতিমাসে ১ লাখ টাকা কিস্তিতে বিলাসবহুল গাড়িটি কিনেছিলেন জুবিন। তাঁর আকস্মিক প্রয়াণের পর বিপুল পরিমাণ কিস্তি মেটাতে হিমশিম খাচ্ছিল তাঁর পরিবার। তাই গাড়িটি বিক্রি করা হয়।  ফাইল চিত্র