Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোর আগেই কর্ণগড় সংস্কারের উদ্যোগ, বরাদ্দ আড়াই কোটি টাকা

ইংরেজদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছিলেন। চুয়াড় বিদ্রোহের যাবতীয় ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন একাই। শালবনী ব্লকের কর্ণগড়ের সেই রানি শিরোমণির সাহসিকতাকে আজও কুর্নিশ জানায় সাধারণ

পুজোর আগেই কর্ণগড় সংস্কারের উদ্যোগ, বরাদ্দ আড়াই কোটি টাকা
  • ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কর্ণগড় : ইংরেজদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছিলেন। চুয়াড় বিদ্রোহের যাবতীয় ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন একাই। শালবনী ব্লকের কর্ণগড়ের সেই রানি শিরোমণির সাহসিকতাকে আজও কুর্নিশ জানায় সাধারণ মানুষ। দুর্গা পুজোর আগে রানি শিরোমণির গড়ের হাওয়া মহল ও আটচালা মন্দির সংস্কার করবে জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই কাজের জন্য প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খবরটি সামনে আসতেই খুশি এলাকার মানুষ। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, প্রাচীন ইতিহাস সমৃদ্ধ এই দু’টি স্থান সংরক্ষণ করা হবে। টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পর্যটকদের সংখ্যাও বাড়বে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গত কয়েক বছরে এই পর্যটক কেন্দ্রে মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। দুর্গা পুজোর সময়ও প্রচুর মানুষের সমাগম হয়। এবারও হবে। 

Advertisement

জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, ‘ওই এলাকায় পর্যটন শিল্পের বিকাশ ঘটানোই আমাদের মূল লক্ষ্য। প্রায় আড়াই কোটি টাকা খরচ করে নানা কাজ হবে। জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র নিয়েও নানা পরিকল্পনা রয়েছে।’ 
 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারতের ইতিহাসে চুয়াড় বিদ্রোহ ব্রিটিশ বিরোধী সংগ্রামের একটি মাইল ফলক। সেই বিদ্রোহে ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরে নেমেছিলেন রানি শিরোমণি। কর্ণগড়ের রাজা অজিত সিংহের স্ত্রী ছিলেন তিনি। জানা যায়, অল্প বয়স থেকেই অন্যায়ের সঙ্গে তিনি আপোস করতেন না। ইংরেজরা হঠাৎই কর্ণগড় দখলের অভিযান শুরু করলে রুখে দাঁড়ান শিরোমণি। তাঁর সঙ্গে যোগ  দিয়েছিলেন আদিবাসী-মূলবাসী সমাজের মানুষও। ইংরেজ বাহিনী যাতে জল-খাবার না পায়, তার ব্যবস্থা করেছিলেন। জানা যায়, ইংরেজ বাহিনী আধুনিক অস্ত্র নিয়ে লড়াইয়ে নামলেও, দেশীয় লাঠি-বল্লম, তিরধনুক নিয়ে লড়াই চালান শিরোমণি। চারপাশে জঙ্গলে ঘেরা এলাকায় লড়াই বেশি দিন জারি রাখতে পারেনি ইংরেজ বাহিনী। তারা পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীকালে রানির নানা বিষয় সামনে চলে আসায় তাঁকে বন্দি করা হয়। বন্দি অবস্থাতেই তাঁর রহস্যজনকভাবে মৃত্যু হয়। 
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রানি শিরোমণির গড় থেকে কিছুটা দূরেই মহামায়ার মন্দির। সেই মন্দিরে মা দুর্গা মহামায়া রূপে পূজিত হন। মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেই মন্দির সংস্কারের কাজ হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই মন্দিরেও নানা উন্নয়নমূলক কাজ হবে। বাম আমলে এই এলাকা সংস্কারের বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। জিওলজিক্যাল সার্ভেকে দিয়ে বিভিন্ন ধ্বংসাবশেষ সংস্কারের পরিকল্পনাও নেওয়া হয়েছিল। কিন্তু সেই কাজ বেশিদূর এগোয়নি। রানি শিরোমণির স্বীকৃতি আদায়ে গোটা এলাকাটিকে হেরিটেজ ঘোষণার দাবিতে একসময় আন্দোলনেও নেমেছিল রানি শিরোমণি ঐক্য মঞ্চ।  কর্ণগড় এলাকার বাসিন্দা তাপস মিশ্র বলেন, ‘খুব ভালো উদ্যোগ নিয়েছে প্রসাশন। হাওয়া মহল ও আটচালা মন্দির সংস্কার হলে আরও বিপুল পরিমাণে মানুষ আসবেন। পর্যটন ব্যবসার প্রসার ঘটবে।’-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ