নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বেলপাহাড়ী ঝাড়গ্ৰাম জেলার অন্যতম পর্যটনস্থল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে বেড়াতে আসেন। বিনপুর -২ ব্লকে রাস্তাসহ নানা পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে। ১৩ কোটি টাকা ব্যয়ে বেলপাহাড়ীর কদপুরা থেকে কাঁকড়াঝোড় পর্যন্ত ১৭ কিমি রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। এতে পর্যটনের প্রসার যেমন ঘটবে স্থানীয় বাসিন্দারাও উপকৃত হবেন।
ডব্লুবিএস আরডিএর ঝাড়গ্রাম ডিভিশন -১ একজিকিউটিভ ইঞ্জিনিয়ার সানুপ মন্ডল বলেন, প্রথম পর্যায়ের রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। তিন দফায় মোট ৩৫ কিমি রাস্তা সংস্কারের কাজ হবে। ধাপে ধাপে কাজগুলো করা হবে। প্রধানমন্ত্রী গ্ৰামীন সড়ক যোজনায় রাস্তাটি ৫.৫ মিটার চওড়া হবে।বেলপাহাড়ী থেকে ওদলচুয়া হয়ে কাঁকড়াঝোর পর্যন্ত ২৫ কিমি রাস্তার কাজ সংস্কার করা হবে। প্রথম পর্যায়ে ১৭ কিমি রাস্তার কাজ চলছে। দ্বিতীয় ও তৃতীয় দফার কাজ ধাপে ধাপে করা হবে। বেলপাহাড়ী ও কাঁকড়াঝোড় যাওয়ার পথে পর্যটনস্থলগুলি রয়েছে। পর্যটকদের বড় অংশ এই পথে গাড়ি করে আসেন। রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় ছিল। বাঁশপাহাড়ী এলাকার বাসিন্দারা নিত্যদিন এই পথে যাতায়াত করেন। বাজার , স্কুল , পঞ্চায়েত ,ব্লক অফিস ও স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত করতে হয়। জেলা ও ব্লক প্রশাসনের তরফে বিনপুর -২ ব্লকে নতুন নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। পুরনো রাস্তা সংস্কার ও সম্প্রসারণ করার কাজ চলছে। বাইরে পর্যটকরা যাতে সহজে পর্যটনস্থল এলাকায় পৌঁছে যেতে পারেন। বেলপাহাড়ী থেকে কাঁকড়াঝোড় যাবার এই পথে হোটেল , হোমস্টে রয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছিলেন। পর্যটন শিল্পে যুক্ত ব্যাক্তিদের তরফে ভালো রাস্তা ও কজওয়েগুলি উঁচু করার দাবি তোলা হচ্ছিল। বর্ষায় রাস্তা দিয়ে যাতায়াতের সময় সমস্যায় পড়তে হয়। জলজমা খানাখন্দ ভরা রাস্তায় গাড়ি আটকে যায়।
বেহাল দশার কারণে স্থানীয় যানচালকরা রাস্তাটি এড়িয়ে যাচ্ছিলেন। যানবাহনের অভাবে স্থানীয় বাসিন্দাদের সমস্যায় পড়তে হচ্ছিল। ওদলচুয়া এলাকার বাসিন্দা সুরজ হেমব্রম বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল। এখন রাস্তা সংস্কারের কাজ চলছে। আমাদের দীর্ঘদিনের দাবি পুরণ হওয়ায় ভালো লাগছে। বিনপুর -২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সর্দার বলেন, বাঁশপাহাড়ী পঞ্চায়েতের বাসিন্দাদের যাতায়াতের অন্যতম পথ। সেইসাথে এলাকাটি অন্যতম পর্যটনস্থল। পর্যটনস্থলে যাওয়ার রাস্তাগুলি সংস্কার করার জোর দেওয়া হয়েছে। রাস্তার কাজ সম্পূর্ণ হলে দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা মিটবে। ঝাড়গ্রাম জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিবাশিস চট্টোপাধ্যায় এদিন বলেন, পর্যটকদের বড় অংশ বেলপাহাড়ীর পর্যটনস্থলে বেড়াতে আসেন। পর্যটনের প্রসারে প্রশাসন রাস্তা থেকে পরিকাঠামো উন্নয়নে যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই।