নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: অরণ্য সুন্দরী নামে পরিচিত ঝাড়গ্রাম শহর। শালবীথির মাঝে একসময় লাল, হলুদ পলাশ ফুল ফুটতো। অপরূপ সৌন্দর্য চারপাশে ভরে উঠতো। নগরায়নের সঙ্গে সঙ্গে সেই সৌন্দর্য ম্লান হয়ে গিয়েছে। ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের সদস্যরা, ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর' এর ডাক দিয়েছেন। বুধবার শহর লাগোয়া কলাবনীর জঙ্গল সবুজায়নের লক্ষ্যে ৫০টি হলুদ ও লাল পলাশ গাছের চারা লাগানো হয়। শহর লাগোয়া এলাকায় দুই হাজার পলাশ গাছ লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে।ঝাড়গ্রামের কলাবনী, শালবনী, মহুলবনী, তসরবনী , কুশবনীর নাম জেলার বিভিন্ন প্রান্তের সঙ্গে জড়িয়ে আছে। লাগাতার গাছ কাটার জেরে বহু মূল্যবান বহু গাছ হারিয়ে গিয়েছে। পলাশ গাছের সংখ্যাও ধীরে ধীরে কমে গিয়েছে। শহরের নানা প্রান্তে একসময় লাল ও হলুদ পলাশ ফুলের দেখা মিলত। বাসিন্দারা সেই সৌন্দর্য দেখে মুগ্ধ হতেন। কিন্তু নগরায়ণের জন্য দেদার গাছ কাটা হয়েছে। ফলে কমেছে পলাশ গাছের সংখ্যা। সেজন্য শহর ও শহর লাগোয়া অঞ্চলে পলাশ গাছের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন কলাবনীর জঙ্গলে ১০০টি পলাশ গাছের চারা লাগানো হয়।



