সংবাদদাতা, তারকেশ্বর: আজ, শুক্রবার ইন্দো-ফ্রেঞ্চ শেয়ার্ড হেরিটেজ অনুষ্ঠানের সূচনা হচ্ছে। ১১-১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে ঐতিহাসিক, সাংস্কৃতিক, স্থাপত্যগত ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে পুজোর আগেই আলোকমালায় সেজে উঠছে চন্দননগর। মিউজিয়াম, ক্লক টাওয়ার, ডুপ্লে কলেজ, চার্চ, চন্দননগর মহকুমা অফিসের উলটোদিকে অবস্থিত পুরানো রেজিস্ট্রি অফিস ভবন সংস্কার করে আগের চেহারায় ফিরিয়ে আনা হবে। একারণে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ‘মউ’ স্বাক্ষরিত হয়েছিল। তবে তা এতদিন বাস্তবায়িত হয়নি। এবার রাজ্যে পালাবদলের পর নতুন সরকার এসে এই কাজে উদ্যোগী হয়েছে। চন্দননগর স্ট্র্যান্ড রোড আলো দিয়ে সাজানো হয়েছে। তৈরি হয়েছে সাংস্কৃতিক মঞ্চ। থাকছে গঙ্গাবক্ষে আরতির ব্যবস্থা। আজ এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, ফ্রান্সের রাষ্ট্রদূত ও সেদেশের সরকারের প্রতিনিধিরা। ইন্দো-ফরাসি মেল বন্ধনে উৎসবের আমেজ সাবেক ফরাসডাঙায়।



