Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বুমরাহকে ছাড়া ভারতের জেতা কাকতালীয়: শচীন

কারও জন্য কিছু থেমে থাকে না। সেটা প্রমাণ করেছেন সিরাজ, প্রসিদ্ধরা। বিশ্বের এক নম্বর পেসার যশপ্রীত বুমরাহ ওয়ার্কলোড কমানোর জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলেননি।

বুমরাহকে ছাড়া ভারতের জেতা কাকতালীয়: শচীন
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: কারও জন্য কিছু থেমে থাকে না। সেটা প্রমাণ করেছেন সিরাজ, প্রসিদ্ধরা। বিশ্বের এক নম্বর পেসার যশপ্রীত বুমরাহ ওয়ার্কলোড কমানোর জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলেননি। আর সেই দু’টো ম্যাচই জেতে টিম ইন্ডিয়া। ফলে এমন এক ধারণা তৈরি হয়েছে যে, বুমরাহ না খেললেই সাফল্য পায় ভারত। তবে কিংবদন্তি শচীন তেন্ডুলকর তা মানতে রাজি নন। তাঁর যুক্তি, ‘বুমরাহকে ছাড়া ভারতের জয়ের ব্যাপারটা নিছকই কাকতালীয়। ও বিশ্বের এক নম্বর পেসার। খুবই প্রতিভাবান। এখনও পর্যন্ত যা করেছে, তা অবিশ্বাস্য। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স মেলে ধরেছে। ওকেই রাখব সবার উপরে। ইংল্যান্ডের বিরুদ্ধেও শুরুটা ভালোই করেছিল। চোটের কারণে সবক’টি ম্যাচ খেলতে পারেনি। তিনটি টেস্ট খেলেছে। তার মধ্যে দুটো ইনিংসে পাঁচটি করে উইকেট নেওয়ার কৃতিত্ব। এতেই স্পষ্ট, বুমরাহ কতটা দক্ষ।’

Advertisement

গিলের নেতৃত্বে তারুণ্যের ধ্বজা উড়িয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-২ শেষ করেছে ভারত। কোহলি, রোহিতের মতো তারকাদের অনুপস্থিতিতে এই পারফরম্যান্স জয়ের থেকে কোনও অংশে কম নয়। বিশেষ করে ওভালে মরণ-বাঁচন ম্যাচে ৬ রানের রুদ্ধশ্বাস জয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর সেই জয়ের অন্যতম কারিগর মহম্মদ সিরাজ। তিনিই একমাত্র ভারতীয় পেসার, যিনি খেলেছেন সবক’টি টেস্ট। ১৮৫.১ ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন ২৩ উইকেট। সিরাজের প্রশংসায় মুগ্ধ শচীন। তিনি বলেছেন, ‘অসাধারণ পারফরম্যান্স। ওর মানসিকতা আমার ভালো লাগে। ওকে শেষ দিনেও একই উদ্যমে বল করতে দেখে ভালো লাগছিল। মনে হচ্ছিল, পায়ে যেন স্প্রিং লাগানো হয়েছে। ধারাভাষ্যকাররা বলছিলেন, শেষ দিনেও নাকি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করেছে। এতেই বোঝা যায় ও কতটা ফিট এবং লড়াকু।’
ম্যাঞ্চেস্টার টেস্টে  জাদেজা ও সুন্দরকে সেঞ্চুরি থেকে বিরত রাখতে ড্রয়ের প্রস্তাব দিয়েছিলেন বেন স্টোকস। তা প্রত্যাখান করে শতরান হাঁকিয়েছিলেন দু’জনেই। এই বিষয়েও মুখ খুলেছেন মাস্টার ব্লাস্টার, ‘অনেকে বলছেন, ক্রিকেটীয় সংস্কৃতি না মেনেই নাকি জাদেজা, সুন্দর সেঞ্চুরি করেছে। আমার প্রশ্ন কেন করবে না? ওরা তো ড্র করার জন্যই খেলছিল। তাই জাড্ডু, সুন্দরের খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সঠিক। আর ইংল্যান্ডের ক্রিকেটারদের বিশ্রামের ব্যাপারটা তো ভারতের দেখার বিষয় নয়। আমার মতে গম্ভীর, গিল, জাদেজারা যা করেছে, বেশ করেছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ