Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

শুল্কহীন বাণিজ্যের ‘প্রস্তাব’ ভারতের! ফের বিস্ফোরক ট্রাম্প

জিরো ট্যারিফ! অর্থাৎ, শুল্কহীন বাণিজ্য। পাল্টা শুল্কের কোপ এড়াতে আমেরিকাকে নাকি এমনই ‘অফার’ দিয়েছে ভারত। ফের বিস্ফোরক দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এমনকী এই প্রেক্ষিতে মার্কিন বহুজাতিক সংস্থা অ্যাপলের সিইও টিম কুককে ভারতে আইফোন-ম্যাকবুকের উৎপাদন বন্ধের পরামর্শও দিয়েছেন।

শুল্কহীন বাণিজ্যের  ‘প্রস্তাব’ ভারতের! ফের বিস্ফোরক ট্রাম্প
  • ১৬ মে, ২০২৫ ২১:০৫
Prefer us on Google

ওয়াশিংটন: জিরো ট্যারিফ! অর্থাৎ, শুল্কহীন বাণিজ্য। পাল্টা শুল্কের কোপ এড়াতে আমেরিকাকে নাকি এমনই ‘অফার’ দিয়েছে ভারত। ফের বিস্ফোরক দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এমনকী এই প্রেক্ষিতে মার্কিন বহুজাতিক সংস্থা অ্যাপলের সিইও টিম কুককে ভারতে আইফোন-ম্যাকবুকের উৎপাদন বন্ধের পরামর্শও দিয়েছেন। তবে নয়াদিল্লির তরফে এমন প্রস্তাবের কথা স্বীকার করা হয়নি। ঠিক একইভাবে ভারত-পাকিস্তানের সংঘাত যখন চরমে, ঠিক সেই সময় আগ বাড়িয়ে যুদ্ধবিরতির ঘোষণা করে দিয়েছিলেন ট্রাম্প। সেখানেই থামেননি। ভারতের অস্বস্তি বাড়িয়ে একের পর এক মন্তব্য করেছেন। কোনওটিই নয়াদিল্লির কাছে সুখকর হয়নি। বিদেশ মন্ত্রকের তরফে ট্রাম্পের এই দাবি খারিজও করা হয়েছে। তাতে অবশ্য কিছু যায় আসে না মার্কিন প্রেসিডেন্টের। আগামী ১৭ মে ওয়াশিংটনে বাণিজ্য চুক্তি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় বসছে ভারত-আমেরিকা। ভারতীয় প্রতিনিধি দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তার ৪৮ ঘণ্টা আগে কাতারের রাজধানী দোহায় দাঁড়িয়ে ফের আগ বাড়িয়ে মন্তব্য করে বসেছেন ট্রাম্প—‘ভারত সরকার আক্ষরিক অর্থেই আমাদের নিঃশুল্ক বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছিল।’ তাতেই বিতর্ক চরমে।

Advertisement

মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই মুখ খুলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যদিও সরাসরি ট্রাম্পের নাম করেননি। শুধু জানিয়েছেন, ‘ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই প্রক্রিয়া অত্যন্ত জটিল। এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সবকিছু চূড়ান্ত না হলে সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। যে কোনও বাণিজ্য চুক্তিই উভয় দেশের পক্ষে সমান লাভজনক হওয়া বাঞ্ছনীয়। অন্তত আমরা এমনই প্রত্যাশা করছি। তাই আগেভাগে কোনওরকম মন্তব্য করা উচিত নয়।’ গত ২ এপ্রিল ভারতীয় পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক চাপানোর কথাও জানিয়েছিলেন ট্রাম্প। সেই সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। এই পরিস্থিতিতেই প্রেসিডেন্ট সামনে আনলেন ভারতের ‘অফারে’র কথা।
যদিও সেকথা বলতে গিয়ে ট্রাম্প ঢাল করেন আইফোন নির্মাতা সংস্থাকে। অ্যাপল সিইও-র সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে আপনি চীনে উৎপাদনকেন্দ্র তৈরি করেছেন। আমরা সেটা সহ্য করেছি। কিন্তু ভারতে কারখানা তৈরির ক্ষেত্রে আমরা আগ্রহী নই। ভারতের খেয়াল রাখতে চাইলে সেদেশে জিনিস বানাতেই পারেন। তবে সেটা আমি চাই না। ওরা নিজেদের খেয়াল রাখতে পারে।’ এরপরেই ভারতের চড়া শুল্কের প্রসঙ্গ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ইঙ্গিত স্পষ্ট, নয়াদিল্লি শুল্কহীন বাণিজ্যের প্রস্তাব দিয়েছে। ফলে আর ওদেশে আইফোন উৎপাদন করে লাভ হবে না। বরং আমেরিকায় তৈরি করেই পণ্য পাঠানো হোক ভারতে। তাতে অবশ্য ভারতবাসীদের কপাল পুড়বে। বেশি দামে আইফোন-ম্যাকবুক কিনতে হবে বলে আশঙ্কা বাণিজ্য মহলের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ