রাষ্ট্রসঙ্ঘ: ফের পাকিস্তানকে একহাত নিল ভারত। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ‘শিশু ও সশস্ত্র সংঘাত’ বিষয়ক আলোচনা সভায় ইসলামাবাদের দাবি খারিজ করল দিল্লি। বৃহস্পতিবার রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত ভারতের স্থায়ী দূত পি হরিশ বলেন, এই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে পাকিস্তান। ওই দেশে মানবাধিকার লঙ্ঘন ও শিশুঘটিত অপরাধ তলানিতে গিয়ে ঠেকেছে। সেই সঙ্গে সন্ত্রাসবাদে মদত দেওয়ার মতো বিষয় থেকে নজর ঘোরাতেই ভারতের বিরুদ্ধে অযৌক্তিক, ভিত্তিহীন অভিযোগ তুলছে।’ হরিশের কথায়, বর্তমান পরিস্থিতি শিশুদের জন্য উদ্বেগের। তাদের বিরুদ্ধে অপরাধজনক ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে সংঘাত ও সন্ত্রাসবাদী হামলা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এসবের শিকার হচ্ছে শিশুরা। সশস্ত্র সংঘাত ও সন্ত্রাসবাদী কার্যকলাপের জেরে পাকিস্তানের শিশুদের অধিকার লঙ্ঘন হচ্ছে বলে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেইরেসেও এক রিপোর্টে উল্লেখ করেছেন। তাই অন্য দেশকে দোষারোপ করার কোনও অধিকার নেই পাকিস্তানের।



