অ্যাডিলেড: অস্ট্রেলিয়া সফরের শুরুটা ভালো হয়নি রোহিত শর্মা ও বিরাট কোহলির। পারথে প্রথম ম্যাচে চূড়ান্ত ফ্লপ দুই মহাতারকা। তবে তাঁদের নিয়ে আশাবাদী ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। দ্বিতীয় ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘শুধুমাত্র প্রথম ম্যাচ দেখে কোনও মন্তব্য করা ঠিক নয়। ওদের ব্যাটিং নিয়ে চিন্তার কোনও কারণ নেই। ওরা দারুণ টাচে আছে। নেটেও ভালো ব্যাট করছে। পরের দুই ম্যাচে ওদের রানে ফেরার ব্যাপারে আশাবাদী।’
পারথে প্রথম ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছিল ৮ রান। বিরাট তো খাতাই খুলতে পারেননি। শুধু তাই নয়, ভারতের পুরো ব্যাটিং লাইন-আপই ভেঙে পড়েছিল। শেষ পর্যন্ত শোচনীয়ভাবে হার মানে টিম ইন্ডিয়া। এই প্রসঙ্গে সীতাংশু কোটাকের মন্তব্য, ‘পারথে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাট করা সহজ ছিল না। তিন-চার ঘন্টা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হলে ব্যাটাররা সমস্যায় পড়ে। অস্ট্রেলিয়া ব্যাট করলেও একই সমস্যা হতো। তাই এই নিয়ে মোটেই আমরা চিন্তিত নই। পরের দুই ম্যাচে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’ উল্লেখ্য, রোহিত ও বিরাট দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। বিশ্রাম পর্বে কোচিং স্টাফরা তাঁদের প্রস্তুতিতে নজর রেখেছিলেন কি? কিংবা কোনও রুটিন কি বেঁধে দিয়েছিলেন তাঁদের জন্য? এই প্রসঙ্গে ভারতীয় ব্যাটিং কোচকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওদের ফিটনেসের ব্যাপারে আমাদের কাছে খবর থাকত। রোহিত মাঝেমধ্যে এনসিএ’তে যেত। ওর ব্যাটিং ফুটেজও দেখতাম। তবে সত্যি বলতে, সবসময় নজরে রাখা হতো না। তাছাড়া প্রয়োজন না থাকলে ওদের ট্রেনিংয়ে নাক গলানোর কোনও মানে হয় না। ওরা যথেষ্ট অভিজ্ঞ।’