ওটাওয়া, ২৯ অক্টোবর: কানাডায় দুষ্কৃতী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে লরেন্স বিষ্ণোই গোষ্ঠী। ভারতীয় বংশোদ্ভূত এক শিল্পপতিকে গুলি করে খুন করেছে বিষ্ণোই গোষ্ঠীর দুষ্কৃতীরা। একই সঙ্গে গত সোমবার কানাডায় এক গায়কের বাড়িতে গুলিও চালিয়েছে তারা। সূত্রের খবর, ওই গায়কের বাড়ি পাঞ্জাবে। বিষ্ণোই গোষ্ঠীর কুখ্যাত দুষ্কৃতী জগদীপ সিং ওরফে জাগ্গাকে রাজস্থান পুলিশ দু’দিন আগেই গ্রেফতার করেছে। তারপরেই দুই ঘটনা সামনে আসে।
সোশ্যাল মিডিয়াতে বিষ্ণোই গোষ্ঠীর দুষ্কৃতী গোল্ডি ঢিলোঁ জানান, তারাই ভারতীয় বংশোদ্ভূত কানাডার শিল্পপতি দর্শন সিং সাহাসিকে খুন করেছেন। গোল্ডির দাবি, ড্রাগের ব্যবসার সঙ্গে যোগ ছিল সাহাসির। তাঁর থেকে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়, না দেওয়ায় খুন করেছে বিষ্ণোই গোষ্ঠীর দুষ্কৃতী। গত সোমবার সকালে ব্রিটিশ কলম্বিয়াতে নিজের বাড়ির বাইরেই খুন হনে সাহাসি। কানাডার পুলিশ সূত্রে খবর, শ্যুটার সাহাসির বাড়ির বাইরেই অপেক্ষা করছিল। যখনই গাড়ির ভিতরে সাহাসি প্রবেশ করেন তখনই তাঁকে গুলি করে পালিয়ে যায় শ্যুটার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন ওই শিল্পপতির শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
যদিও চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। অপরদিকে গায়ক সর্দার খেরার সঙ্গে সম্পর্ক থাকায় পাঞ্জাবি গায়ক চান্নি নাট্টানের কানাডার বাড়ির বাইরে গুলি চালানো হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে গোল্ডি। খেরার সঙ্গে যে কাজ করবে বা সম্পর্ক রাখার চেষ্টা করবে তাঁদেরই ক্ষতি হবে, তাই চান্নিকে সতর্ক করে দিতেই এই হামলা বলে দাবি গোল্ডির। কানাডায় জঙ্গি সংগঠনের তকমা পেয়েছে লরেন্স বিষ্ণোই গোষ্ঠী। গোটা বিশ্বে যার রয়েছে ৭০০-এর বেশি শ্যুটার। যারা প্রতিনিয়ত দুষ্কৃতী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।