Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

আন্তর্জাতিক আইনভঙ্গকারীরা নিরাপত্তা পরিষদের স্থায়ী পদে, সংস্কারের পক্ষে সওয়াল রাষ্ট্রসংঘের মহাসচিবের

আন্তর্জাতিক আইন অমান্যকারী ক্ষমতাধর রাষ্ট্রগুলিই আজ নিরাপত্তা পরিষদের স্থায়ী পদে বসে রয়েছে। তার জেরে আজ ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ কার্যত অচল।

আন্তর্জাতিক আইনভঙ্গকারীরা নিরাপত্তা পরিষদের স্থায়ী পদে, সংস্কারের পক্ষে সওয়াল রাষ্ট্রসংঘের মহাসচিবের
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাষ্ট্রসংঘ: আন্তর্জাতিক আইন অমান্যকারী ক্ষমতাধর রাষ্ট্রগুলিই আজ নিরাপত্তা পরিষদের স্থায়ী পদে বসে রয়েছে। তার জেরে আজ ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ কার্যত অচল। বুধবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদরদপ্তরে সাংবাদিক সম্মেলনে এভাষাতেই প্রভাবশালী দেশগুলির কড়া সমালোচনা করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেইরেস। বর্তমানে নিরাপত্তা পরিষদের এহেন অবস্থার জন্য ভেটো প্রদানকারী রাষ্ট্রগুলির দায়িত্বজ্ঞানহীন আচরণকে দায়ী করেছেন তিনি। কালবিলম্ব না করে যত দ্রুত সম্ভব নিরাপত্তা পরিষদের সংস্কার ও ক্ষমতার পুনর্বণ্টনের প্রয়োজন বলে গুতেইরেস মন্তব্য করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম-কানুনের তোয়াক্কা না করে ক্ষমতাধর রাষ্ট্রগুলি অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বের ছোট-বড়ো দেশগুলি মনে করছে, শক্তিধর রাষ্ট্রগুলি যা খুশি তাই করতে পারে। আর এসব কারণে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রবণতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা পরিষদের কাঠামো বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ব্রিকসের মতো উদীয়মান অর্থনৈতিক জোটগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বের অর্থনৈতিক কাঠামো প্রতিনিয়ত বদলাচ্ছে এবং উন্নত দেশগুলোর তুলনায় উদীয়মান দেশগুলির জিডিপি বৃদ্ধি পাচ্ছে। 

Advertisement

২০২৬ সালের ডিসেম্বরে গুতেইরেসের দ্বিতীয় মেয়াদ শেষ হচ্ছে। তাঁর ১০ বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, বিশ্ব আজ বহুকেন্দ্রিক হয়ে উঠেছে। বিশ্বে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার রক্ষা করতে নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি। আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ