Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়ন ভারতের পুরুষ ও মহিলা দল

অপ্রতিরোধ্য ভারত। একই দিনে সাফল্যের রোশনাই পুরুষ ও মহিলাদের হকিতে। অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকির দুই বিভাগেই খেতাব জিতল ভারতীয় দল।

চ্যাম্পিয়ন ভারতের পুরুষ ও মহিলা দল
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হাংঝউ: অপ্রতিরোধ্য ভারত। একই দিনে সাফল্যের রোশনাই পুরুষ ও মহিলাদের হকিতে। অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকির দুই বিভাগেই খেতাব জিতল ভারতীয় দল। ছেলেদের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়েছেন আমনোল-অজিতরা। মহিলাদের খেতাব এসেছে চীনকে ১-০ ব্যবধানে বশ মানিয়ে। এই আসরে ভারতীয় মেয়েরা ২০২২ এবং ২০২৩ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল। চলতি টুর্নামেন্টে আগাগোড়া আধিপত্য দেখান সুপ্রিয়া, মধুরা। শেষপর্যন্ত অপরাজিত থেকেই শিরোপা ছিনিয়ে নিলেন তাঁরা।

Advertisement

এবারের যুব এশিয়া কাপে গোলের বন্যা বইয়ে দিয়েছে ভারতের যুব মহিলা দল। পাকিস্তানকে ১৯ গোলের মালা পরায় তারা। গ্রুপ লিগে চীন বনাম ভারত ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছিল। ফাইনালেও আয়োজক দেশের বিরুদ্ধে লড়াইটা সহজ ছিল না। ঘরের মাঠের সুবিধা পাওয়া চীনকে চাপে ফেলতে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ঝাঁপান তনুজা, রোশনি, গীতারা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে প্রত্যাশিত গোলের দেখাও পায় ভারত। ১৭ মিনিটে সানিকা চন্দ্রকান্ত মানে জাল কাঁপানোর পরেই আরও চাপে পড়ে যায় চীন। বিরতির পর কামব্যাকের চেষ্টা করলেও ভারতীয় রক্ষণ অটুট থাকে।
মহিলাদের সাফল্যে উদ্বুদ্ধ পুরুষ দলও ঝড় তোলে ফাইনালে। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পুরো ম্যাচে দাপট দেখিয়ে যোগ্য দল হিসাবেই চ্যাম্পিয়ন হয় ভারত। টিম ইন্ডিয়ার হয়ে গোল করেন অজিত যাদব, আমনোল এক্কা, প্রভদীপ সিং ও আশু মৌর্য। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে যুব হকি বিশ্বকাপের স্লটও পাকা করল পুরুষ ও মহিলা দল। জোড়া সাফল্যে উচ্ছ্বসিত হকি সংস্থা। প্রত্যেক খেলোয়াড়কে ৩ লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ