Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

লক্ষ্যভেদে জোর ছাংতেদের

নিউটাউনের সেন্টার অব এক্সেলেন্সের মাঠে তখন সন্ধ্যা নামছে। ভারতীয় কোচ মানোলো মার্কুয়েজ অনুশীলন শেষের বাঁশি বাজিয়ে সহকারীদের সঙ্গে আলোচনায় ব্যস্ত।

লক্ষ্যভেদে জোর ছাংতেদের
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউটাউনের সেন্টার অব এক্সেলেন্সের মাঠে তখন সন্ধ্যা নামছে। ভারতীয় কোচ মানোলো মার্কুয়েজ অনুশীলন শেষের বাঁশি বাজিয়ে সহকারীদের সঙ্গে আলোচনায় ব্যস্ত। কুল ডাউন শুরু করে দিয়েছেন সন্দেশ ঝিংগানরা। হঠাৎই আক্রমণভাগের ফুটবলারদের ডেকে নিলেন সুনীল ছেত্রী। এরপর প্রায় মিনিট কুড়ি ওয়াল খেলে লক্ষ্যভেদের অনুশীলন করলেন মনবীর, লিস্টন, ছাংতেরা। উদ্দেশ্যে স্পষ্ট, গোল চাই। বক্সে ফোকাস হারানো চলবে না। আসলে ঘরের মাঠে বাংলাদেশের জাল কাঁপাতে ব্যর্থ ভারত। হংকংয়ের বিরুদ্ধে একই ভুল করলে চাপ বাড়বে। এবার অন্তত গা-ঝাড়া দিতে মরিয়া মানালো ব্রিগেড। লেফট ব্যাক শুভাশিস বসুর মন্তব্য, ‘গত ম্যাচের ভুল নিয়ে কোচ আমাদের সঙ্গে কথা বলেছেন। আগামী কয়েকটা দিনে সেই ঘাটতি মেটাতে হবে। তবে সব ম্যাচ একরকম হয় না। লক্ষ্যভেদ কেবল সময়ের অপেক্ষা। সঙ্গে ক্লিনশিট বজায় রাখার দিকেও নজর দেওয়া হবে।’ ফেডারেশনের বিচারে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মোহন বাগান অধিনায়ক। বললেন, ‘এই সম্মান আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে।’

Advertisement

মঙ্গলবার অনুশীলনে হঠাৎই হাজির ফুটবল ডিরেক্টর সুব্রত পাল। হাজির ছিলেন ফেডারেশন সভাপতি। ফুটবলারদের সঙ্গে আলাপ পর্ব সেরে অনুশীলন দেখলেন তাঁরা।  আলাদা করে কথা বললেন বিশাল কাইথ, অমরিন্দর সিংদের সঙ্গে। কোচ মানোলোর সঙ্গেও দীর্ঘক্ষণ বৈঠক সারেন তাঁরা। এদিনের ঘণ্টা দুইয়ের অনুশীলনে মূলত ফিটনেসের উপরেই জোর দিয়েছিলেন স্প্যানিশ কোচ। শেষে ৩০ মিনিটের ম্যাচ সিচুয়েশন অনুশীলনে সব ফুটবলারকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন স্প্যানিশ হেডস্যার।     

Advertisement
সম্পর্কিত সংবাদ