সংবাদদাতা, শীতলকুচি: ধান খেত নষ্ট করছিল গবাদি পশু। প্রতিবাদ করায় বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত হলেন ভারতীয় কৃষক। ঘটনাটি শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি পঞ্চায়েতের মিরাপাড়া সীমান্তে।
সংবাদদাতা, শীতলকুচি: ধান খেত নষ্ট করছিল গবাদি পশু। প্রতিবাদ করায় বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত হলেন ভারতীয় কৃষক। ঘটনাটি শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি পঞ্চায়েতের মিরাপাড়া সীমান্তে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অপহৃত কৃষকের নাম কৃষ্ণকান্ত বর্মন। এদিন সীমান্ত পেরিয়ে ধান খেতে কাজ করছিলেন তিনি। সেই সময় একদল বাংলাদেশি দুষ্কৃতী তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। এই ঘটনায় অন্যান্য কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত তাঁদের এপারে ফিরিয়ে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন শীতলকুচি থানার পুলিস ও বিএসএফের ১৫৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। অপহৃত ভারতীয় কৃষককে দ্রুত ফিরিয়ে আনার দাবি তুলেছেন বাসিন্দারা।
চলতি বছরের ১৬ এপ্রিল পশ্চিম শীতলকুচি গ্রামের উকিল বর্মনকে তুলে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। ফের একই ধরনের ঘটনা ঘটায় আতঙ্কিত সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ। অপহৃত কৃষকের ভাগ্নে সূর্যদয় বর্মন বলেন, ‘চাষের ফসল গবাদি পশু খাওয়ায় মামা প্রতিবাদ করেছিল। সেইসময় কয়েকজন বাংলাদেশি মামাকে জোর করে তুলে নিয়ে যায়। সেই সময় বিএসএফ আধিকারিকদের ডিউটি পরিবর্তন হচ্ছিল। আমার মামাকে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।’ বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যে বাংলাদেশের প্রশাসনকে জানানো হয়েছে।