তাইপে সিটি: তাইওয়ান ওপেনে দুরন্ত সাফল্য ভারতীয় অ্যাথলিটদের। রবিবার প্রতিযোগিতার শেষ দিনে এল পাঁচটি সোনা। সবমিলিয়ে এবারের আসরে ১১টি সোনা জিতল ভারত। এদিন উল্লেখযোগ্য সাফল্য এল ৮০০মিটার দৌড়, জ্যাভলিন ও ৪০০ মিটার হার্ডলসে। এই তিন ইভেন্টে সোনা জেতেন যথাক্রমে পূজা, রোহিত যাদব ও বিদ্যা রামরাজ।
মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে বিদ্যা প্রথম স্থান অধিকার করলেন ৫৬.৫৩ সেকেন্ড সময় নিয়ে। চলতি বছরে এটা তাঁর তৃতীয় সেরা সময়। তাইওয়ান ওপেনে সোনা জেতার ফলে র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটবে বিদ্যার। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে চ্যাম্পিয়ন হলেও নিজের সেরাটা (৭৫ মিটার) মেলে ধরতে পারেননি রোহিত যাদব। এদিন ৭৪.৪২ মিটার ছুড়ে শীর্ষ স্থান দখল করেন তিনি। মহিলাদের ৮০০ মিটার দৌড়ে পূজা প্রথম স্থান দখল করলেন স্বদেশী টুইঙ্কেল চৌধুরিকে পিছনে ফেলে। সোনা জিততে তিনি সময় নিলেন ২ মিনিট ০২.৭৯ সেকেন্ড। এটিও একটি চ্যাম্পিয়নশিপ রেকর্ড।