নয়াদিল্লি: ঘোষণা হয়েছে এশিয়া কাপের স্কোয়াড। পাকিস্তানের বিরুদ্ধে খেলার ছাড়পত্রও মিলেছে। এবার খেতাব জয়ের লক্ষ্যে সূর্যকুমারদের প্রস্তুতি শুরুর অপেক্ষা। এখনও ক্রিকেটাররা ছুটিতেই। এশিয়া কাপের স্কোয়াডে থাকা বেশ কিছু ক্রিকেটার দলীপ ট্রফির প্রথম ম্যাচে অংশ নিতে পারেন। তালিকায় শুভমান গিলও আছেন। খুব সম্ভবত ভারতীয় দল ৪ সেপ্টেম্বর দুবাই উড়ে যাবে। ৫ সেপ্টেম্বর প্রথম প্র্যাকটিস সেশন। তবে কোনও প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আপাতত নেই।
ভারত গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলবে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। খেলাটি হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। অপক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ভুলভ্রান্তি শুধরে নিতে পারবেন বুমরাহরা। পরের ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান। সেই মহারণ ১৪ সেপ্টেম্বর। তার আগে আগে মনোবল বাড়িয়ে নিতেই সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বড় ব্যবধানে জেতাটা জরুরি। সেই সঙ্গে টিম কম্বিনেশনও গড়ে তোলার চ্যালেঞ্জ থাকছে। দুটো কাজই সারতে হবে প্রথম ম্যাচে। তবে গ্রুপ পর্বে ভারতের আরও একটি সহজ ম্যাচ রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে খেলার পর সূর্যকুমার, গিলরা বেশ কিছুদিন বিশ্রাম পাবেন। তারপর খেলবেন ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে।
এর আগে ২০২৩ সালে ওডিআই ফরম্যাটে হয়েছিল এশিয়া কাপ। খেতাব জিতেছিল ভারত। এবার হবে টি-২০ ফরম্যাটে। কারণ, পরের বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। সেই আসর যৌথভাবে বসবে ভারত ও শ্রীলঙ্কায়। তারই মহড়া হিসেবে দেখা হচ্ছে এশিয়া কাপকে। এবারের এশিয়া কাপেও ভারত অন্যতম ফেভারিট। প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ ট্রফি দেখছেন সূর্যকুমারের হাতে। তিনি বলেছেন, ‘এই দলে তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধন স্পষ্ট। সূর্যকুমার খুবই সাহসী ক্যাপ্টেন। আমার বিশ্বাস, এবারের এশিয়া কাপে ভারত দাপট দেখাবে। টিম ইন্ডিয়া যেরকম আক্রমণাত্মক ক্রিকেট খেলে, সেটা মেলে ধরতে পারলে চ্যাম্পিয়ন হবেই।’
এদিকে, এশিয়া কাপ দলে শ্রেয়স আয়ারের জায়গা না পাওয়া নিয়ে মুখ খুললেন রস টেলর। নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটারের মতে, ‘শ্রেয়স আয়ার খুবই ভালো ক্রিকেটার। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছে। তার পরেও টি-২০ স্কোয়াডে জায়গা পায়নি। এটা দেখে আমার মনে হয়েছে, ভারতীয় দলের গভীরতা বেশি বলেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন নির্বাচকরা। আমি পুরো দল দেখিনি। তবুও শ্রেয়সের মতো ক্রিকেটারকে বাইরে রাখার সিদ্ধান্ত সহজ নয়।’
একই সঙ্গে শুভমান গিলের প্রশংসা করেছেন রস টেলর, ‘ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে গিলের নেতৃত্বে কী অসাধারণ পারফরম্যান্সই না মেলে ধরল ভারত। রোহিত, কোহলির মতো তারকার অভাব বোঝাই গেল না। এতেই স্পষ্ট, টিম ইন্ডিয়ার সাপ্লাই লাইন কতটা শক্তিশালী।’