


দুবাই: আইসিসি’র ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে নানা দেশের নেট বোলার। কেউ ভারতীয় তো কেউ পাকিস্তানি। কেউ বা এসেছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান থেকে। সাধারণত নেট পর্ব শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা তাঁদের সঙ্গে কথা বলেন। কেউ ছবি তুলতে চাইলে হাসিমুখে পোজও দেন। কিন্তু এশিয়া কাপে ‘হ্যান্ডশেক’ বিতর্কের প্রভাব পড়ছে এক্ষেত্রেও। পাকিস্তানি নেট বোলারদের যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁদের থেকে যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ক্রিকেটারদের। বলা হয়েছে, কোনও পাক নেট বোলারের সঙ্গে কথাবার্তা বলারই দরকার নেই। ছবি তোলার তো প্রশ্নই ওঠে না। সেজন্য ভারতের নেটে প্রবেশের আগে মোবাইল ফোন জমা দিতে হবে পাক নেট বোলারদের। উল্লেখ্য, মঙ্গলবার ভারতীয় দল পাক ক্রিকেটারদের মুখোমুখি হতে না চেয়ে ঘণ্টাখানেক আগে দাঁড়ি ফেলে অনুশীলনে। আইসিসি অ্যাকাডেমিতে পাশের মাঠেই ছিল পাকিস্তানের প্র্যাকটিস। কিন্তু সলমন আগারা মাঠে আসার আগেই বেরিয়ে যায় সূর্যকুমার যাদব বাহিনী।
আর বুধবার তো টিম ইন্ডিয়া অনুশীলনেই এল না। নির্ধারিত প্রেস কনফারেন্সও বাতিল করল। অথচ, এশিয়া কাপের আগে বোর্ডের দেওয়া সূচিতে এদিন স্থানীয় সময় সন্ধে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন করার কথা ছিল। তারপর প্রচারমাধ্যমের মুখোমুখি হতেন দলের কেউ। কিন্তু সেই সিদ্ধান্ত পাল্টে এদিন‘রেস্ট ডে’ হিসেবে চিহ্নিত করে হোটেলেই থেকে যান ক্রিকেটাররা। শুক্রবার ওমানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ। তার আগে বৃহস্পতিবার গা ঘামাবেন ক্রিকেটাররা।