Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

তিরন্দাজি বিশ্বকাপে ভারতের জয়জয়কার

বিশ্বকাপ তিরন্দাজিতে সোনালি দিন ভারতের। চীনের সাংহাইতে আয়োজিত এই স্টেজ-টু টুর্নামেন্টে ব্যক্তিগত ও টিম ইভেন্টে রীতিমতো দাপট দেখালেন ভারতীয় তিরন্দাজরা।

তিরন্দাজি বিশ্বকাপে ভারতের জয়জয়কার
  • ১১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সাংহাই: বিশ্বকাপ তিরন্দাজিতে সোনালি দিন ভারতের। চীনের সাংহাইতে আয়োজিত এই স্টেজ-টু টুর্নামেন্টে ব্যক্তিগত ও টিম ইভেন্টে রীতিমতো দাপট দেখালেন ভারতীয় তিরন্দাজরা। এদিন দু’টি সোনা সহ পাঁচটি পদকই এল কম্পাউন্ড ইভেন্ট থেকে। মহিলাদের সিঙ্গলসে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সোনা জিতলেন মধুরা ধামনগাঁওকর। শনিবার রোমাঞ্চকর ফাইনালে ১৩৯-১৩৮ পয়েন্টে তিনি বশ মানান আমেরিকার কারশন ক্রাহেকে। চলতি বিশ্বকাপে এটি মধুরার তৃতীয় পদক। এর আগে মহিলাদের টিম ইভেন্টে রুপো জেতেন তিনি। পাশাপাশি কম্পাউন্ড মিক্সড ইভেন্টে ব্রোঞ্জও রয়েছে তাঁর।

Advertisement

সোনার ঝলক দেখাল ভারতের পুরুষ দলও। ফাইনালে শক্তিশালী মেক্সিকোকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিলেন অভিষেক ভার্মা, ওজাস দেওতালে ও ঋষভ যাদব। প্রতিপক্ষকে ২৩২-২২৮ পয়েন্টে বশ মানান তাঁরা। ফাইনালে নামার আগে মেক্সিকোকেই এগিয়ে রাখছিলেন বিশেষজ্ঞরা। তবে মোক্ষম সময়ে বাজিমাত অভিষেকদের। উল্লেখ্য, মহিলাদের দলগত বিভাগে এই মেক্সিকোর বিরুদ্ধে লড়েও হার মানতে হয় মধুরাদের। রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের। ম্যাচের ফল ২৩৪-২২১।  পুরুষদের সোনা জয় সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিল। পাশাপাশি দতগত মিক্সড ইভেন্টে পদক নিশ্চিত করল ভারত। এক্ষেত্রে মধুরা ও অভিষেক জুটি মালয়েশিয়াকে টপকে পোডিয়াম ফিনিশ করে। পাশাপাশি পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন ঋষভ যাদব।
তবে প্রচারের শিরোনামে মধুরাই। আসলে তিরন্দাজি বড় মঞ্চে প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছেন তিনি। আশা জাগিয়েও ব্যর্থ হয়েছেন দীপিকা কুমারীর মতো তারকা। এমন সময় মধুরার সাফল্য নিঃসন্দেহে আনন্দের। অমরাবতী থেকে উঠে আসা ২৪ বছরের তিরন্দাজ বলছেন, ‘এই সোনা জয় আমাকে আরও ভালো পারফরম্যান্স করতে প্রেরণা জোগাবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ