নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ১০ জুন ভারতের প্রতিপক্ষ হংকং। তার প্রস্তুতি হিসাবে বুধবার থাইল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন সন্দেশরা। স্থানীয় পাথুম থানি স্টেডিয়ামে ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যায় ৬টায়। ফিফা র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ১২৭ নম্বরে রয়েছে মানোলো মার্কুয়েজের দল। অন্যদিকে, অনেকটাই এগিয়ে থাইল্যান্ড। ৯৯ নম্বরে রয়েছে তারা। জাপানি কোচ মাসাতাদা ইশি দায়িত্ব নেওয়ার পর তরতরিয়ে এগিয়েছে থাইল্যান্ড। পাশাপাশি ক্রমশই পিছচ্ছে ভারত। এমন পরিস্থিতিতে বিপক্ষকেই এগিয়ে রাখছেন সুনীল ছেত্রী। তাঁর মন্তব্য, ‘এই ম্যাচে বিপক্ষ ফেভারিট। তা স্বীকার করতে দ্বিধা নেই। তবে ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামব।’ অন্যতম সিনিয়র ফুটবলারের কথাতেই পরিষ্কার, প্রবল চাপে রয়েছে দল। সতীর্থ লালরিনজুয়ালা ছাংতের গলাতেও একরাশ সমীহ। বলেছেন, ‘প্রতিপক্ষ বেশ শক্তিশালী। আমাদের উজাড় করে দিতে হবে।’ স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজ বেশ ব্যাকফুটে। শোনা যাচ্ছে হংকং ম্যাচের পর দায়িত্ব ছাড়বেন তিনি। মানোলোর মন্তব্য, ‘আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আশা করি ফুটবলাররা হতাশ করবে না।’



