নয়াদিল্লি: এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ২৪ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা হওয়ার কথা। সেই সভা বয়কট করতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সভার ভেন্যু ঢাকা থেকে সরাতে চেয়েছে ভারত। কিন্তু এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি তাতে নারাজ। তিনি ঢাকাতেই সভা আয়োজনে অনড়। এই পরিস্থিতিতে বুধবারের সভায় যদি নকভি’র নেতৃত্বে এসিসি কোনও সিদ্ধান্ত নেয়, তবে তা বিসিসিআই মানবে না। বোর্ডসূত্রে জানা গিয়েছে, এশিয়া কাপ আয়োজন করতে হলে বুধবারের সভা ঢাকা থেকে সরানো আবশ্যক। সেই অনুরোধ করা হয়েছে এসিসি’কে। তবে কোনও সাড়া মেলেনি।



