নয়াদিল্লি ও ঢাকা: দু’বছর আগে ভারতে চলে এসেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পড়ুয়াদের তীব্র আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। কিন্তু আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন বলে আগেই ঘোষণা করেছেন হাসিনা। তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে ভারত এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে সূত্রের খবর, হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে দিল্লিও তত্পর। তবে তার জন্য বাংলাদেশ সরকারের কাছে দুটি শর্ত দেওয়া হয়েছে। বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে জানিয়েছে, হাসিনাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের সরকারকে সামরিক বিমানের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ সেনাকেই হাসিনার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। ২০২৪ সালে সেনার কপ্টারেই ভারতে এসেছিলেন হাসিনা। তাই মুজিব-কন্যাকে একই পদ্ধতিতে দেশে ফেরাতে চাইছে দিল্লি। পাশাপাশি হাসিনা যাতে সুবিচার পান, তার ব্যবস্থাও করতে চাইছে ভারত। কারণ, বাংলাদেশের আদালত ইতিমধ্যেই হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বিবিসি বাংলার দাবি, দ্বিতীয় শর্ত হিসাবে দিল্লি জানিয়েছে, হাসিনা যাতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবেদন করতে পারেন, সেই সুযোগ তাঁকে দিতে হবে।
এদিকে, শনিবার বাংলাদেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদুজ্জমান জানিয়েছেন, হাসিনাকে দেশে ফেরানোর জন্য সমস্ত আইনি পদক্ষেপ বাংলাদেশ সম্পূর্ণ করে ফেলেছে। বাকি সব কিছু এখন দিল্লির হাতে। এদিন তিনি বলেন, ‘আমাদের দিক থেকে যা করণীয়, তা আমরা সম্পূর্ণ করেছি। এবার ওরা (ভারত) কী করবে, তা ওদের ব্যাপার।’ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবেদন করার অধিকার হাসিনার থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এই বিষয়ে আসাদুজ্জামানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ী তাঁর সেই সুযোগ থাকবে না।
এর আগে শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, হাসিনার প্রত্যর্পণ পুরোটাই আইনি বিষয়। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত। বিবিসি বাংলার দাবি, দু’বছর ধরে হাসিনা ভারতে বসবাস করায় বিষয়টি দিল্লির কাছে অস্বস্তিকর হয়ে উঠেছে। এর ফলে ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ছে। হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠায় আন্তর্জাতিক মহলেও দিল্লিকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, হাসিনা কোনো তৃতীয় দেশে বসবাস করলে, তা ভারতের জন্য স্বস্তিকর হত। কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। এখনও দিল্লি এই নিয়ে কোনো মন্তব্য করেনি। -ফাইল চিত্র



