দুবাই: বড়দের পর এবার ছোটদের এশিয়া কাপের ফাইনালেও ভারত-পাকিস্তান মহারণ। শুক্রবার প্রথম সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে খেতাবি লড়াইয়ে জায়গা পাকা করেছে টিম ইন্ডিয়া। আর দ্বিতীয় সেমি-ফাইনালে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। রবিবার দুবাইয়েই অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল।
শুক্রবার প্রথম সেমি-ফাইনালে ৮ উইকেটে জয় পেয়েছে ভারত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৮ উইকেটে ১৩৮ রানের বেশি তুলতে পারেনি। এর জন্য কৃতিত্ব প্রাপ্য হেনিল প্যাটেল ও কৌশিক চৌহানের। দু’জনেই দু’টি করে উইকেট পেয়েছেন। জবাবে ১২ বল বাকি থাকতেই সহজ জয় পায় ভারত (১৩৯-২)। ৪টি চার ও ২টি ছক্কা সহ ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা বিহান মালহোত্রা। এছাড়া অ্যারন জর্জও (অপরাজিত ৫৮) অর্ধশতরান করেন। তবে বৈভব সূর্যবংশী (৯) ও আয়ূষ মাতরের (৭) ব্যাট থেকে বড় রান আসেনি। আর দ্বিতীয় সেমি-ফাইনালেও বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান।