মারগাও: এএফসি এশিয়ান কাপের মূলপর্বে যোগ্যতা অর্জনের পথ ক্রমশ কঠিন হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে। তিন ম্যাচে মাত্র দু’পয়েন্ট নিয়ে গ্রুপ-সি’তে তৃতীয় স্থানে রয়েছে ব্লু টাইগার্স। শীর্ষে থাকা হংকংয়ের চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে তারা। এমন পরিস্থিতিতে মূলপর্বের টিকিট নিশ্চিত করতে বাকি তিন ম্যাচ কার্যত নক-আউট খালিদ জামিল ব্রিগেডের সামনে। সেই লক্ষ্যেই মঙ্গলবার ঘরের মাঠে সিঙ্গাপুরের বিরুদ্ধে মাঠে নামছেন গুরপ্রীত-আনোয়াররা। উল্লেখ্য, চারদিন আগে প্রথম লেগে মুখোমুখি হয়েছিল দু’দল। অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে রহিম আলির গোলে হার বাঁচায় ভারত। তবে ঘরের মাঠে জয় ছাড়া কোনও বিকল্প নেই তাদের সামনে। এমন পরিস্থিতিতে তিন পয়েন্টের লক্ষ্যেই মঙ্গলবার ফাতোরদার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিরুদ্ধে নামছে খালিদ-ব্রিগেড।
ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে ২৪ ধাপ পিছিয়ে সিঙ্গাপুর। তবে গ্রুপ ঘরের মাঠে বেশি দাপট দেখায় গাভিন লি’র ছেলেরা। বিশেষত খালিদের অতি-রক্ষণাত্মক মানসিকতার জন্য শুরু থেকেই চাপে পড়ে ব্লু টাইগার্স। তবে দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। সন্দেশ ঝিংগান লাল কার্ড দেখার পরেও দমে যাননি উদান্তা-ভালপুইয়ারা। মঙ্গলবার ছেলেদের থেকে তারই পুনরাবৃত্তি চাইছেন ভারতীয় কোচ। খালিদ জানান, ‘সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রথমার্ধে আমরা প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ। তবে দ্বিতীয়ার্ধে ছেলেরা দারুণ খেলেছে। একজন কম নিয়েও আমরা দুরন্ত পারফরম্যান্স মেলে ধরি। তবে ঘরের মাঠে নতুন লড়াই। দৌড়ে টিকে থাকতে এই ম্যাচ জিততেই হবে। সেই মানসিকতা নিয়েই মাঠে নামবে দল।’
সিঙ্গাপুরের বিরুদ্ধে গত ম্যাচে খুব একটা দাগ কাটতে ব্যর্থ সুনীল ছেত্রী। তাছাড়া বেশ কয়েকটি পজিশনে ভারতের দুর্বলতা চোখে পড়েছে। ফিরতি ম্যাচে সেই ভুলত্রুটিগুলো শুধরে নিতে চাইবেন খালিদ। এই ম্যাচের জন্য ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন শুভাশিস বসু ও আপুইয়া। মঙ্গলবার প্রথম একাদশে সুযোগ পেতে পারেন বাগানের মিজো ফুটবলারটি। পাশাপাশি পরিবর্ত হিসেবে মাঠে নেমে জাল কাঁপিয়েছিলেন রহিম আলি। তাই সিঙ্গাপুরের বিরুদ্ধে দ্রুত গোল তুলে নিতে আপফ্রন্টেও পরিবর্তনের পথে হাঁটতে পারেন ভারতীয় কোচ।



