Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গিলের অধিনায়কত্বে পরপর দুই ম্যাচে হার, অজিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারল ভারত

ভারতীয় টিমের অধিনায়কত্ব করে কেন মহেন্দ্র সিং ধোনির চুলের পাক ধরেছিল, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতীয় ক্রিকেটের রাজপুত্র শুভমন গিল।

গিলের অধিনায়কত্বে পরপর দুই ম্যাচে হার, অজিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারল ভারত
  • ২৩ অক্টোবর, ২০২৫ ১৮:১০
Prefer us on Google

২৩ অক্টোবর, অ্যাডিলেড: ভারতীয় টিমের অধিনায়কত্ব করে কেন মহেন্দ্র সিং ধোনির চুলের পাক ধরেছিল, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতীয় ক্রিকেটের রাজপুত্র শুভমন গিল। বর্তমানে যিনি ওডিআই টিমের অধিনায়কও বটে। তবে নতুন গুরুদায়িত্ব কাঁধে আসতেই পরপর ফ্লপ তিনি। অজিদের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচেই হার হয়েছে ব্লু ব্রিগেডের। রান করতে ব্যর্থ গিল নিজেও।

Advertisement

বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কিছুটা হাড্ডাহাড্ডি হলেও শেষ হাসি আসল ক্যাঙারু ব্রিগেডই। এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অজিরা। শুরুতেই ৯ রান করে আউট হন গিল। আবারও একবার ০ রানে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। এই নিয়ে পরপর দুটি ম্যাচে বিনা রান করে আউট হলেন কিং কোহলি। এদিন কিছুটা লড়াই করেন রোহিত শর্মা। ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন রোহিত। যা আদৌ ‘হিটম্যান’ সুলভ নয়। এরপর ৬১ রান সংগ্রহ করে আউট হন আইয়ারও। অক্ষর করেছেন ৪৪ রান। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে টিম ইন্ডিয়ার রান দাঁড়ায় ৯ উইকেটে ২৬৪।

অন্যদিকে, অজিদের ইনিংসে বড় রান করেন ম্যাথিউ শর্ট। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৭৪ রান। এছাড়া কুপার কনোলি করেন ৬১ রান। শেষের দিকে পরপর উইকেট পেলেও ম্যাচ জেতাতে সক্ষম হননি সিরাজ, ওয়াশিংটনেরা। ২২ বল বাকি থাকতেই ২ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় মিচেল মার্শের টিম। ফলে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ২টিই জিতে নিয়ে সিরিজ পকেটে পুরল হলুদ ব্রিগেড। পরের ম্যাচটি হতে চলেছে মান রক্ষার। সেই ম্যাচে কি জ্বলে উঠতে পারবেন গিল-কোহলি? ওয়ানডে-তে হোয়াইট ওয়াশ থেকে রক্ষা পাবে টিম ইন্ডিয়া?

Advertisement
সম্পর্কিত সংবাদ