নয়াদিল্লি: মোদি জমানায় ভারত আর গণতান্ত্রিক দেশ নয়। বিজেপিকে নিশানা করে এমনই মন্তব্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। তিনি জানিয়েছেন, ২০১৪ সালে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। এক দশকে যেভাবে দেশের রাজনৈতিক ও ভোট চিত্রের বদল হয়েছে, তা দেখে বিরোধী দলগুলিও অবাক। শনিবার হায়দরাবারে দলের ভারত সামিটে ভাষণ দিতে গিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। বলেন, ২০১৪ সালের ভোটে বিদেশ থেকে কোটি কোটি ডলার ঢালা হল। সম্পূর্ণ নতুন ধরনের প্রচার, রাজনৈতিক নাটক দেখলাম। যা আগে কখনও হয়নি। এরপরই ভোটচুরির প্রসঙ্গে টেনে এনেছেন কংগ্রেস সাংসদ। তাঁর দাবি, কংগ্রেস সহ বিরোধী দলগুলি ভোটের ফলাফলের পর্যালোচনা করেছে। মহারাষ্ট্রের ক্ষেত্রে শাসকদের প্রায় সমান ভোট পেয়েছে বিরোধীরা। কিন্তু, আসনের নিরিখে হিসাবে বিপুল ফারাক। লোকসভা ও বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও একই চিত্র ধরা পড়েছে। রাহুল জানিয়েছেন,দু’টি নির্বাচনের মধ্যে ৭০ লক্ষ নতুন ভোটারকে তালিকায় যুক্ত করা হয়েছিল। অন্যান্য রাজ্যেও এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলে দাবি রাহুলের। তাঁর সংযোজন, এসব দেখার পর ভারত যে আর গণতান্ত্রিক দেশ নেই, তার প্রমাণ মিলেছে। এদিন কেন্দ্রের শাসক দল বিজেপিকে ফ্যাসিস্ট বলেও দেগে দিয়েছেন রাহুল। তাঁর কথায়, ইতিহাস সাক্ষী, যখন রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ে, তখনই ফ্যাসিস্টরা মাথা তুলে দাঁড়ায়।
কংগ্রেসের অভিযোগ, রাহুলের এই অনুষ্ঠানে বহু বিদেশি অতিথিদের অংশগ্রহণের অনুমতি দেয়নি কেন্দ্র। সাংসদ শশী থারুর জানিয়েছেন, ৩১৫ জন বক্তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু, মাত্র ১১৫ জনকে অনুমতি দিয়েছে বিদেশ মন্ত্রক। বাকিদের ভারতে আসার অনুমতি দেয়নি মোদি সরকার। অথবা তাঁদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। এরমধ্যে ভারত সামিটের মঞ্চ থেকে ইতালি থেকে আসা এক নেতার ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। জানা গিয়েছে, ইতালির ইউরোপীয় সোশ্যালিস্ট পার্টির মহাসচিব জিয়াকোমো ফিলিবেক ওই স্লোগান দেন। তা শুনে হাসতে দেখা গিয়েছে রাহুলকে। এই নিয়ে বিজেপি কংগ্রেস নেতার বিরুদ্ধে অরাজকতা তৈরির চেষ্টার অভিযোগ তুলেছে। পদ্ম শিবিরের দাবি, দেশের সাংবিধানিক সংস্থাগুলির বদনাম করতে চাইছেন রাহুল। পাশাপাশি, ইকুয়েডরের প্রাক্তন বিদেশমন্ত্রী গুইলাউমে লংকে আমন্ত্রণ জানানো নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, জর্জ সোরাসের আর্থিক মদতপুষ্ট সংস্থা ওপেন সোসাইটি পলিসি সেন্টারে সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে রয়েছেন লং। ওই সংস্থার বিরুদ্ধে ২০২৫ সালে বেঙ্গালুরুতে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।



