রাজগির: এশিয়া কাপ হকির উদ্বোধনী ম্যাচে ভারতের প্রতিপক্ষ চীন। এই দুই দলের সঙ্গে গ্রুপ ‘এ’তে রয়েছে জাপান এবং কাজাখস্তান। ফলে নক-আউট পর্বে পৌঁছতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় টিম ইন্ডিয়ার। আয়োজক হওয়ার সুবাদে ঘরের মাঠের সুবিধা থাকবে হরমনপ্রীত সিংদের সঙ্গে। এই আসরে চ্যাম্পিয়ন হতে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র মিলবে। ভারতীয় দলের কাছে এটাই শেষ এবং সেরা সুযোগ। আর তা কাজে লাগাতে মরিয়া কোচ ক্রেগ ফুলটন। শুক্রবার চীনের বিরুদ্ধে অভিযান শুরু করার আগে তাঁর গলায় আত্মবিশ্বাসের সুর। ফুলটন বলেন, ‘চলতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আমরা খেলতে নামছি। সেরাটা মেলে ধরতে পারলে খেতাব জয়ের সুযোগ থাকবে। সেক্ষেত্রে ২০২৬ বিশ্বকাপে খেলাও নিশ্চিত হবে। ছেলেদের ক্ষমতার উপর পূর্ণ আস্থা রয়েছে। তাছাড়া ঘরের মাঠে খেলাটাও বড় সুবিধা। সবমিলিয়ে আমি দারুণ আশাবাদী।’



